ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত শতরান করে আলোচনায় উঠে এসেছেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। তার বিধ্বংসী ব্যাটিং প্রশংসা কুড়াচ্ছে সব মহলে। তবে বাইশ গজের বাইরে তার ব্যক্তিগত জীবনও কম আলোচনার বিষয় নয়। বিশেষ করে প্রেমজীবন নিয়ে গুঞ্জন তুঙ্গে।
সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেকের দুর্দান্ত ইনিংসের পর ইনস্টাগ্রামে এক তরুণী তার ছবি পোস্ট করে লিখেছেন, তিনি অভিষেককে নিয়ে গর্বিত। সেই পোস্ট থেকেই নতুন করে শুরু হয় চর্চা। ওই তরুণীর নাম লয়লা ফয়জল। গুঞ্জন উঠেছে, বহু দিন ধরেই নাকি অভিষেকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
ক্রিকেটের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই লয়লার। বরং তিনি ফ্যাশন দুনিয়ার সঙ্গে জড়িত। একজন সফল ফ্যাশন ডিজাইনার হিসেবে তার নিজস্ব একটি ফ্যাশন ব্র্যান্ড রয়েছে।
দিল্লিতে বসবাসকারী ২৪ বছর বয়সী লয়লা লন্ডন থেকে মনোবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এরপর ফ্যাশন ডিজাইনিং ও মার্কেটিং অ্যান্ড স্টাইলিং নিয়ে প্রশিক্ষণ নেন। ২০২২ সালে তিনি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড চালু করেন।
অভিষেক ও লয়লাকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। তবে দুজনেই তাদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। তবুও তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত ও সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে চর্চা চলছে।
এর আগেও অভিষেকের নাম মডেল তানিয়া সিংহের সঙ্গে জড়িয়েছিল। কিছুদিন সম্পর্কে থাকার পর তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তানিয়া আত্মহত্যা করেন। তদন্তে জানা যায়, মৃত্যুর আগে অভিষেকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।
এটিআর/

