পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়ে শাস্তি পেলেন ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:৪০
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোশ।
পিএসএলের প্রথম ড্রাফটে ‘ডায়মন্ড ক্যাটাগরি’ থেকে পেশোয়ার জালমি দলে সুযোগ পেয়েছিলেন বোশ। পুরো আসর খেলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ডাক পাওয়ার পর সিদ্ধান্ত বদলে ফেলেন। চোটে পড়া লিজার্ড উইলিয়ামসের জায়গায় সুযোগ পান ৩০ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার। ফলে পিএসএল থেকে নাম তুলে নেন তিনি।
বোশের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করে পিসিবি। এক বিবৃতিতে বোশ বলেন, ‘পেশোয়ার জালমির সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। পিএসএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের মানুষের প্রতি অনুতপ্ত করেছে। শাস্তি মেনে নিচ্ছি। ভবিষ্যতে আবার পিএসএলে ফিরে আসার আশা রাখি।’
ক্রিকেট বিশ্লেষকদের মতে, জনপ্রিয়তা ও আর্থিক দিক থেকে আইপিএল অনেক এগিয়ে। তাই বোশ শাস্তি মেনেও আইপিএলের সুযোগ হাতছাড়া করতে চাননি। সূত্র : সংবাদ প্রতিদিন
ডিআর/বিএইচ

