ছবি : সংগৃহীত
অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ।
রোববার ইতিহাসে কনিষ্ঠতম হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০২০ সালের নভেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হলেন জয় শাহ।
দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে জয় শাহ একাধিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ঘটেছে- সেটাও উঠে এসেছে তার বিবৃতিতে। সেই সঙ্গে নারীদের ক্রিকেটে আরও জোর দেওয়ার কথা বলেছেন তিনি। ক্রিকেটকে বিশ্বের আরও বড় দরবারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন শাহ।
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে জয় শাহ বলেন, আইসিসির দায়িত্ব পেয়ে আমি গর্বিত। একই সঙ্গে আমাকে সমর্থন জানানোর জন্য আইসিসির কর্তাব্যক্তি ও বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের প্রস্তুতি নেওয়ার এটাই আদর্শ সময়। চেষ্টা করব, ক্রিকেটকে যেন দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়।
তিনি আরও বলেন, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে রয়েছি যখন সমস্ত ফরম্যাটের ক্রিকেটকে সমানভাবে বাঁচিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর সঙ্গে নারীদের ক্রিকেটের উন্নতির গতিও বাড়াতে হবে। সারা বিশ্বেই ক্রিকেটের ছড়িয়ে পড়ার বিপুল সম্ভাবনা রয়েছে। আইসিসির দলের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। সমস্ত সুযোগের সদ্ব্যবহার করে ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য হবে।
২০১৯ সালে বিসিসিআইয়ের সচিব হন তিনি। এর সঙ্গে এশিয়া ক্রিকেট সংস্থার প্রেসিডেন্টের দায়িত্বেও আছেন। এবার নতুন পালক জুড়ল তার মুকুটে।
বিএইচ/

