ছবি : সংগৃহীত
বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। তিন ম্যাচের ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। ইতোমধ্যে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অধিনায়কের নাম জানায়নি তারা।
অবশেষে প্রথম ওয়ানডের আগের দিন (রোববার ৪ মে) জানা গেল অধিনায়কের নাম। বাংলাদেশ ‘এ’ দলের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে।
দলের কোচ মিজানুর রহমান বাবুল সিলেটে আজ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত। নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে এবং দেশকে এগিয়ে নিতে।’
আগামীকাল ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দল
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

