Logo

খেলা

টি-টোয়েন্টি সিরিজ

জয়ের ধারা অব্যাহত রাখতে চান জ্যোতিরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৮

অ
জয়ের ধারা অব্যাহত রাখতে চান জ্যোতিরা

ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেটের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের আগে তাই বেশ ফুরফুরে মেজাজে আছেন নিগার সুলতানা জ্যোতিরা। ঢাকার জয়ের ধারা অব্যাহত রাখতে চান তারা। বুধবার (৪ ডিসেম্বর) প্রেস কনফারেন্সে এমন আভাসই দিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রেস কনফারেন্সে নারী টাইগারদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ছোট করে দেখছে না বাংলাদেশ। এই সিরিজে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে এবং জয়ের ধারা অব্যাহত রাখবে দল।

আর আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস জানান, ওয়ানডে সিরিজের ব্যর্থতাকে ভুলে নতুন করে টি-টোয়েন্টি শুরু করতে চান তারা।

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বুধবার বেলা ২টায় সিলেটের সবুজ চা বাগানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। ছেলেদের পর এই প্রথম নারীদের সিরিজের ট্রফিও উন্মোচন হলো চা বাগানে। ট্রফি উন্মোচনে চা শ্রমিকদের ট্রেডিশনাল পোশাকে হাজির হন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। প্রতীকী চা পাতা উত্তোলনও করেন তারা। এমন ব্যতিক্রমী অভিজ্ঞতার পর উচ্ছ্বাস প্রকাশ করেন সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস।

ট্রফি উন্মোচন শেষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, সিলেটের উইকেট বেশ পরিচিত আমাদের কাছে। ওয়ানডে সিরিজের সাফল্য টি-টোয়েন্টি সিরিজেও কাজে দিবে। তবে আয়ারল্যান্ডকে ছোট করে দেখছি না আমরা। টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে দল।

এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আয়ারল্যান্ড দলের অধিনায়ক গ্যাবি লুইস। গ্যাবি জানান, ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলতে চায় তার টিম। টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ৫ ডিসেম্বর। এরপরের দুই ম্যাচ ৭ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

মো. রেজাউল হক ডালিম/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন