গ্লোবাল সুপার লিগ
লাহোরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের রংপুর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬
ছবি : সংগৃহীত
গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের রংপুর। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লাহোরকে ২৩ রানে (ডিএলএস নিয়ম) হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সোহানের দল।
এদিন টস জিতে মারকুটে ব্যাটিং চালায় রংপুর। সৌম্যর ঝড়ো গতিতে ৪.৫ ওভারেই পঞ্চাশ পূরণ করে দলটি। ১৩ বলে ২২ রান করা সৌম্যের সঙ্গে ঝড় তুলেন সাইফ হাসানও। ১৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। আর ওপেনার স্টিভেন টেইলর অপরাজিত ছিলেন ৩২ রান করে।
বৃষ্টি আইনে ৯ ওভারে লাহোর কালান্দার্সের লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। শেখ মেহেদির তোপে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর। এর মধ্যে ৩টি উইকেট মেহেদির।
পরের দিকে মির্জা বাইগ, টম অ্যাবল আর শেষদিকে ফাহিম আশরাফের দারুণ ব্যাটিংয়ে আশা জাগিয়েছিল লাহোর। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাইগ ২০ বলে ৩১, অ্যাবল ১২ বলে ২৫ করে আউট হন। ফাহিম আশরাফ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ৮৭ রানে থামে লাহোর। শেখ মেহেদি ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন তিনটি উইকেট। ২ উইকেট জ্যাক চ্যাপেলের।
উল্লেখ্য, শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া।
ডিআর/এটিআর

