সৌম্যের বিধ্বংসী ইনিংস
গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩
ছবি : সংগৃহীত
ক্রিকেট দুনিয়ায় নতুন ইতিহাসের জন্ম দিল বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে রংপুরের শুরুটাই ছিল দারুণ আক্রমণাত্মক। দুই ওপেনার সৌম্য ও স্টিভেন টেলর উদ্বোধনী জুটিতে তোলেন ১২৪ রান। ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করা টেলরের বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর সাইফ হাসান (৬) ও ওয়েন ম্যাডসেন (১০) দ্রুত বিদায় নিলে বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে রংপুর।
শেষ পর্যন্ত সৌম্য অপরাজিত থেকে সেই শঙ্কা ছাপিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। ৭টি চার ৫ ছক্কায় বাংলাদেশি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে।
জয়ের লক্ষ্যে ১৭৯ রান তাড়ায় নেমে শুরুতে ভালো আভাস দেয় ভিক্টোরিয়া। ৩.২ ওভারে ২৭ রান তুলে তারা প্রথম উইকেট হারায়। এরপর বলার মতো আর কোনো জুটি গড়তে পারেনি রংপুরের প্রতিপক্ষরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভিক্টোরিয়া ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন জো ক্লার্ক। ২২ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ব্ল্যাক ম্যাকডোনাল্ড ১৬ ও কারিমা গোর করেন ১৩ রান।
রংপুরের হয়ে টুর্নামেন্ট জুড়ে ভালো বোলিং করা যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং আজও সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন।
ডিআর/এটিআর

