Logo

খেলা

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:৩১

অ
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা

আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে আবারও ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (২ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ব্রিটিশ-বাঙালি মিডফিল্ডার।

বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাফুফের তিনজন নির্বাহী সদস্য। সঙ্গে ছিলেন হামজার বাবা-মাও। আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি রওনা হন জাতীয় দলের টিম হোটেলের উদ্দেশে। 

বিকেলেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন হামজা। তবে, দলের স্প্যানিশ কোচ আজকের সেশনটি রেখেছেন ক্লোজড ডোর—সেখানে সাংবাদিক বা দর্শকদের প্রবেশাধিকার নেই।

এর আগে, গত ২৫ মার্চ ভারতে অনুষ্ঠিত এশিয়ান কাপ ম্যাচে অংশ নিতে প্রথমবারের মতো সপরিবারে বাংলাদেশে আসেন হামজা। তখন সিলেট বিমানবন্দরে ছিল উৎসুক জনতার ঢল। তবে এবার ঢাকার বিমানবন্দরে উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম, যদিও বাফুফের পক্ষ থেকে অভ্যর্থনা ছিল গোছানো।

বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে বেশ কিছু ম্যাচে প্রভাবশালী পারফরম্যান্স দিয়েছেন হামজা। আগামী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তার উপস্থিতি দলের জন্য হতে পারে বড় সুবিধা।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন