Logo

খেলা

বাংলাদেশের দারুণ জয়, সুপার ফোরে শুভসূচনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫১

বাংলাদেশের দারুণ জয়, সুপার ফোরে শুভসূচনা

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গ্রুপপর্বে আবুধাবিতে পাওয়া হারের জবাব দিল লিটন দাসের দল।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম খাতা খোলার আগেই আউট হন। তবে চাপ সামলে দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও লিটন দাস গড়েন ৫৯ রানের জুটি। লিটন ব্যক্তিগত ২৩ রানে বিদায় নিলেও এ দিন রেকর্ড গড়েন তিনি। সাকিব আল হাসানকে ছাড়িয়ে হয়ে যান বাংলাদেশের টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক (২৫৫৬ রান)।

তৃতীয় উইকেটে সাইফের সঙ্গে যোগ দেন তাওহিদ হৃদয়। দুজন মিলে ৫৪ রানের জুটি গড়ে ম্যাচের ভিত গড়ে দেন। সাইফ ৬১ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হওয়ার আগে সাজান ৪ ছক্কা ও ২ চারে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হৃদয়ও খেলেন ৫৮ রানের দারুণ ইনিংস (৪ চার ও ২ ছক্কা)। তবে শেষ মুহূর্তে দুষ্মন্ত চামিরার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

ম্যাচের শেষ ওভারে রোমাঞ্চ তৈরি হয়। শেষ ৬ বলে দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার করা প্রথম বলেই চার মেরে ব্যবধান নামিয়ে আনেন জাকের আলী। কিন্তু পরের দুই বলে ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরেন জাকের, তৃতীয় বলে রান আসে না। চতুর্থ বলে শর্ট খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন মেহেদী হাসান। তখন অন্য প্রান্তে দাঁড়িয়ে রাগে কাঁপছিলেন শামীম হোসেন। তবে চাপ সামলে পঞ্চম বলে নতুন ব্যাটার নাসুম আহমেদ শর্ট থার্ডম্যান ঘিরে ১ রান নিয়ে ম্যাচ শেষ করেন। ১ বল ও ৪ উইকেট হাতে রেখেই সুপার ফোরে শুভসূচনা করে বাংলাদেশ।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা তোলে ৭ উইকেটে ১৬৮ রান। ওপেনিং জুটিতে পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস তোলেন ৪৪ রান। কিন্তু ২২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। শেষদিকে ঝড় তোলেন দাসুন শানাকা। মাত্র ৩৭ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬ ছক্কা ও ৩ চার। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান সবচেয়ে সফল বোলার, নেন ৩ উইকেট।

২৪ সেপ্টেম্বর সুপারফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত ।  

ডিআর/ এইচআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন