বাংলাদেশের পথে পাকিস্তান
বিশ্বকাপে না খেলার বদলে বিকল্প টুর্নামেন্টের কথা ভাবছে পিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা এবারে অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। তবে পাকিস্তানের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। মূলত সোমবার সিদ্ধান্ত ঘোষণা হওয়ার কথা থাকলেও, রোববারই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অবস্থান জানাতে পারে।
পিসিবি জানিয়েছে, বিশ্বকাপ না খেলার ক্ষেত্রে দেশীয় ক্রিকেটারদের নিয়ে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ধরনের পদক্ষেপ ইতিমধ্যেই বাংলাদেশ নিয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে না থাকায় আড়াই কোটি টাকার ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারী দলের অধিনায়ক ও কোচের নামও ঘোষণা করা হয়েছে।
অনুরূপ পরিস্থিতিতে পাকিস্তানও বাংলাদেশের পথ অনুসরণ করতে যাচ্ছে। যদি সালমান, বাবরদের নেতৃত্বে দল বিশ্বকাপে না যায়, তাহলে লাহোরে চারটি দলের অংশগ্রহণে ঘরোয়া লিগ আয়োজন করা হবে। পাকিস্তানের এই চারটি দল হবে ‘দ্য পাকিস্তান’, শাহিন্স এবং অনূর্ধ্ব-১৮ দল।
বাংলাদেশ ইতিমধ্যেই তিন দলের অংশগ্রহণে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছে, যা শুরু হবে ৫ ফেব্রুয়ারি। পাকিস্তানের পরিকল্পনা অনুসারে, তাদের দেশীয় লিগেও ক্রিকেটারদের কার্যক্রম সচল থাকবে এবং বিশ্বকাপ অনিশ্চয়তার মধ্যে ক্রিকেটাররা প্রস্তুতি হারাবেন না।
এসএসকে/

