Logo

খেলা

বয়কটের হুমকি শেষে বিশ্বকাপে যাবে পাকিস্তান, খেলবে না ভারতের সঙ্গে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৫

বয়কটের হুমকি শেষে বিশ্বকাপে যাবে পাকিস্তান, খেলবে না ভারতের সঙ্গে

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে সাবেক চ্যাম্পিয়নরা। তবে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে তারা অংশ নেবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর বিশ্বকাপ নিয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বাংলাদেশের সমর্থনে শুরুতে বিশ্বকাপ বয়কটের অবস্থান নেয় পাকিস্তান। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় নিরাপত্তা ইস্যু সামনে এনে বিসিবি ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে আপত্তি জানায়। বাংলাদেশ সরকারও স্পষ্ট করে জানায়, যেখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না।

যদিও আইসিসি দাবি করে ভারতে নিরাপত্তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবুও বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। কিন্তু সেই আবেদন গ্রহণ না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় এবং বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে একমাত্র পাকিস্তানই ভোট দেয়। এমনকি সংহতি জানিয়ে নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছিল পিসিবি। তবে শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করে বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান, যদিও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে তারা অনড় রয়েছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট দল ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর