Logo

খেলা

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রতি এমন সংহতি ও সাহসী সিদ্ধান্তের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি বক্তব্য উদ্ধৃত করেন। তিনি লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’

পোস্টে তিনি শাহবাজ শরিফের বুধবারের (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকের বক্তব্য তুলে ধরে আরও লেখেন, ‘বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’


উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ সরকার ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানালে এবং ভেন্যু পরিবর্তনের দাবি জানালে আইসিসি তা প্রত্যাখ্যান করে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি। আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে তাদের হাই-ভোল্টেজ ম্যাচটি না খেলার ঘোষণা দিয়েছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ নজরুল পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট আইসিসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর