Logo

খেলা

নাকভিকে বুলবুলের ধন্যবাদ, লাহোর বৈঠকে সংকট নিরসনের আভাস

Icon

খেলা ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬

নাকভিকে বুলবুলের ধন্যবাদ, লাহোর বৈঠকে সংকট নিরসনের আভাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত ঘিরে টালমাটাল ক্রিকেট অঙ্গনে আশার আলো দেখা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ ও জোরালো সমর্থন দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লাহোরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আইসিসির সাথে চলমান সংকট নিরসনের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির বরাতে জানা গেছে, বাংলাদেশের দাবির বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে। বিসিবির সঙ্গে আইসিসির এই অচলাবস্থা কাটানোর লক্ষ্যে একটি বিশেষ ‘ফর্মুলা’ বা সমাধান সূত্র তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ পেতে পারে। যার মধ্যে বিশ্বকাপের লভ্যাংশের একটি অংশ অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে সেখানে হাইব্রিড মডেলে বাংলাদেশের খেলার সুযোগ পাওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিলে আইসিসি বেশ চাপের মুখে পড়ে। সংকটের এই মুহূর্তে লাহোর বৈঠকটি বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা ও অধিকার পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।


এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর