Logo

খেলা

শর্ত মেনে নিয়েছে আইসিসি, বাংলাদেশের বিরুদ্ধে শাস্তি নয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬

শর্ত মেনে নিয়েছে আইসিসি, বাংলাদেশের বিরুদ্ধে শাস্তি নয়

ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর এক ঘোষণায় আইসিসি জানায়, বাংলাদেশের বিরুদ্ধে আর্থিক, ক্রীড়াগত কিংবা প্রশাসনিক কোনো শাস্তি আরোপ করা হবে না। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে বিসিবির জন্য আইসিসির নিয়ম অনুযায়ী ডিসপিউট রেজল্যুশন কমিটিতে (ডিআরসি) যাওয়ার অধিকার বহাল থাকবে।”

আইসিসি জানায়, নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তির পরিবর্তে সদস্য বোর্ডগুলোর মধ্যে সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখাই সংস্থাটির লক্ষ্য।

এই সিদ্ধান্ত আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চলমান আলোচনার মধ্যেই। ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে সম্মত হলেও এর আগে আইসিসিকে তিনটি শর্ত দিয়েছিল পিসিবি। আইসিসি সেসব শর্ত মেনে নেওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে শাস্তির বিষয়টি আর এগোয়নি।

সমঝোতার অংশ হিসেবে ২০৩১ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ওই বিশ্বকাপের যৌথ আয়োজক। আইসিসি বলেছে, এটি বাংলাদেশের আয়োজক সক্ষমতার প্রতি আস্থার প্রতিফলন এবং দেশটির ক্রিকেট উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অংশ।

নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে ম্যাচ খেলতে রাজি হয়নি। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি চূড়ান্ত না হওয়ায় আইসিসি বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেয় এবং স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবং আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাও পরিস্থিতি জটিল করে তোলে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয় এবং বিষয়টি বাংলাদেশের ইস্যুর সঙ্গে যুক্ত করে। এরপর সোমবার আইসিসির সঙ্গে পিসিবির বৈঠকে বাংলাদেশের জন্য প্রতিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

এর আগে রোববার লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পিসিবি জানিয়েছে, বয়কট সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে, তবে বাংলাদেশের বিষয়টি এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও এতে দেশটির প্রতি আইসিসির দীর্ঘমেয়াদি অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি।

তিনি বলেন, “বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। দেশটিতে ক্রিকেটের উন্নয়ন ও বৈশ্বিক সম্পৃক্ততা বাড়াতে আমরা কাজ চালিয়ে যাব।”

আইসিসি জানিয়েছে, ক্রিকেটের স্বার্থে সদস্য বোর্ডগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা অব্যাহত থাকবে এবং এই সমঝোতার মূল লক্ষ্য খেলাটির ঐক্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখা।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর