আইপিএলে দল না পাওয়ার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিলামেও হতাশ হতে হলো সাকিব আল হাসানকে। সাবেক বাংলাদেশ অধিনায়ক নিলামে নাম তুললেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি।
তবে আইপিএলের তুলনায় পিএসএলে একটি পার্থক্য ছিল— আইপিএলে তার নামই ডাকা হয়নি, আর পিএসএলে অন্তত নিলামের টেবিলে তার নাম ওঠে। ২ কোটি ২০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা সাকিবকে নিয়ে শেষ পর্যন্ত কোনো দলই বিড করেনি।
একই পরিণতি হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও। ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম লেখালেও তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
তবে সুখবর এসেছে রিশাদ হোসেনকে ঘিরে। ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠলেও তাকে নিয়ে কয়েকটি দলের মধ্যে প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত ৩ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি।
এবারের পিএসএল নিলামে বাংলাদেশের ৫০ জন ক্রিকেটারের নাম রয়েছে। ২ কোটি ২০ লাখ রুপি ক্যাটাগরিতে আছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয় ও ইয়াসির আলী।
৬০ লাখ রুপি ক্যাটাগরিতে আছেন আবদুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম (লেগস্পিন), আরিফুল ইসলাম (অফস্পিন), জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অংকন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
সব মিলিয়ে এবারের পিএসএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও সাকিব ও মিরাজের মতো তারকাদের দল না পাওয়া আলোচনার জন্ম দিয়েছে।
এসএসকে/

