তিন ব্যাটারের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে শ্রীলংকা। আজ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওমানকে। কুশল মেন্ডিস ৬১, পাভান রত্নানায়েকে ৬০ ও অধিনায়ক দাসুন শানাকা ৫০ রান করেন। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়েছিল লংকানরা। দুই ম্যাচের দু’টিতেই হারল ওমান।
পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারায় শ্রীলংকা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ১৩ ও কামিল মিশারা ৮ রানে থামেন।
এরপর তৃতীয় উইকেটে রত্নানায়েকের সাথে ৫২ বলে ৯৪ এবং চতুর্থ উইকেটে শানাকাকে নিয়ে ২৮ বলে ৬৮ রান যোগ করেন কুশল মেন্ডিস। ৭টি চারে ৪৫ বলে কুশল ৬১, ৮টি চার ও ১টি ছক্কায় রত্নানায়েকে ২৮ বলে ৬০ এবং ২টি চার ও ৫টি ছক্কায় ২০ বলে ৫০ রান করেন শানাকা।
শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ৭ বলে অনবদ্য ১৯ রানে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান লংকানদের। সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের মালিক শ্রীলংকা। ২০০৭ সালে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান করেছিল তারা।
জবাব দিতে নেমে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় ওমান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে ম্যাচ হারে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন মোহাম্মদ নাদিম।
শ্রীলংকার দুসমন্থ চামিরা ও মহেশ থিকশানা ২টি করে উইকেট নেন। ২৮ বলে ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরা হন রত্নানায়েকে।
এসএসকে/

