Logo

খেলা

বোলারদের নৈপুণ্যে রোমাঞ্চকর জয় বাংলাদেশ নারী ‘এ’ দলের

Icon

বাসস

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৩

বোলারদের নৈপুণ্যে রোমাঞ্চকর জয় বাংলাদেশ নারী ‘এ’ দলের

১১৫ রানের পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে রাইজিং স্টার্স এশিয়া কাপে রোমাঞ্চকর জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আজ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ রানে হারিয়েছে শ্রীলংকা ‘এ’ নারী দলকে। 

ব্যাংককে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। ৩৫ বলে ৪৮ রানের সূচনা করেন দুই ওপেনার ইসমা তানজিম ও শামিমা সুলতানা। উইকেটে সেট হয়ে ইসমা ৩০ ও শামিমা ১৭ রানে আউট হন। এরপর শারমিন সুলতানা ২৯ ও রুবায়া হায়দার ১১ রানে থামেন। ১০৪ রানে পঞ্চম উইকেট পতনের পর মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ১৯.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মিডল ও লোয়ার অর্ডারের কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। শ্রীলংকার সাচিনি নিসানসাল ১৪ রানে ৪ উইকেট নেন। 

১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেটে ৯৫ রান তুলেছিল শ্রীলংকা ‘এ’ দল। ৫ উইকেট হাতে নিয়ে শেষ ১৩ বলে ২১ রান দরকার পড়ে লংকানদের। কিন্তু বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জয়ের বন্দরে পা রাখতে পারেনি শ্রীলংকা। ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানে থামে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুনারত্নে। 

শ্রীলংকার ইনিংসের শুরুতে একটি ও ডেথ ওভারে ২ উইকেট শিকার করেন বাংলাদেশের স্পিনার সানজিদা আকতার মেঘলা। এরমধ্যে ১৮তম ওভারের শেষ দুই বলে নেন ২ উইকেট। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেঘলা। এছাড়া ফাহিমা খাতুন ও লতা মন্ডল ২টি করে উইকেট নেন। 

আগামী ১৬ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর