Logo

খেলা

বিশ্বকাপে আরও একবার ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৯

বিশ্বকাপে আরও একবার ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের

ছবি: সংগৃহীত

পুরোনো গল্প যেন আবারও ফিরে এল। বিশ্বকাপে ভারত–পাকিস্তান মানেই ভারতের দাপট—এই ধারাবাহিকতার ব্যতিক্রম হলো না এবারও। আরও একবার ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেল পাকিস্তান।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারেই ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলে ৬১ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। এ জয়ে ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে তারা। নেদারল্যান্ডস বা নামিবিয়ার পক্ষে ভারতের পয়েন্ট স্পর্শ করা আর সম্ভব নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে ৯ বার মুখোমুখি হয়ে ভারত এগিয়ে থাকল ৮–১ ব্যবধানে।

হাইভোল্টেজ ম্যাচ হিসেবে প্রচার হলেও মাঠের খেলায় সেই উত্তেজনার ছাপ ছিল না। ম্যাচটি ঘিরে ব্যাপক আলোচনার জন্ম হয়েছিল। পাকিস্তান শুরুতে ম্যাচটি বয়কটের ইঙ্গিত দিলে ভারত ও আইসিসি আয়োজন নিয়ে তৎপর হয়ে ওঠে। সম্প্রচারস্বত্ব থেকে হাজার হাজার কোটি টাকার সম্ভাব্য আয় নিয়ে আলোচনাও ছিল জোরালো।

বলা হচ্ছিল, এই এক ম্যাচ ঘিরেই প্রায় ৬ হাজার কোটি টাকার সম্প্রচার বাণিজ্য হবে আইসিসির। তবে প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি মাঠে। পাকিস্তান নির্ধারিত সময়ের দুই ওভার আগেই অলআউট হওয়ায় সম্প্রচারও শেষ হয় আগেভাগে।

অবশেষে নানা আলোচনা-সমঝোতার পর ম্যাচটি আয়োজিত হয়। কলম্বোয় ভারত ও পাকিস্তানের দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

কিন্তু মাঠের লড়াইয়ে পাকিস্তান ছিল নিষ্প্রভ। ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তাদের ব্যাটিং লাইনআপ।

১৭৫ রানের জবাবে শুরু থেকেই ধস নামে পাকিস্তানের ইনিংসে। হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে তারা।

সাহিবজাদা ফারহান শূন্য, সাইম আইয়ুব ৬, সালমান আলি আগা ৪ ও বাবর আজম ৫ রানে আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ রানেই চার ব্যাটারকে হারায় পাকিস্তান।

মিডল অর্ডারে ৩৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। শাদাব খান করেন ১৪, মোহাম্মদ নওয়াজ ৪ এবং ফাহিম আশরাফ ১০ রান। শাহিন শাহ আফ্রিদি ১৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

ভারতের পক্ষে হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুন চক্রবর্তী নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান কুলদীপ যাদব ও তিলক ভার্মা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। ইশান কিশান ৪০ বলে ৭৭ রান করেন; তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। সূর্যকুমার যাদব করেন ৩২ রান, তিলক ভার্মা ২৫। পাকিস্তানের পক্ষে ৩টি উইকেট নেন সাইম আইয়ুব।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর