Logo

খেলা

জভেরেভকে হারিয়ে মিয়ামি ওপেনের ফাইনালে সিনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৯:৩৮

জভেরেভকে হারিয়ে মিয়ামি ওপেনের ফাইনালে সিনার

জানিক সিনার

বর্তমান টেনিস বিশ্বের পোস্টার বয়’ জানিক সিনার তার জয়রথ অব্যাহত রেখেছেন। জার্মানির আলেক্সান্ডার জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থবারের মতো মিয়ামি ওপেনের ফাইনালে পা রাখলেন এই বিশ্ব নম্বর টু তারকা। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকা।

সেমিফাইনালের লড়াইয়ে সিনার ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে জভেরেভকে পরাজিত করেন। এটি জভেরেভের বিপক্ষে সিনারের টানা সপ্তম জয়। ম্যাচ শেষে সিনার বলেন, আজকের লড়াইটা খুব কঠিন ছিল। জভেরেভ অবিশ্বাস্য টেনিস খেলেছে, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমার সার্ভগুলো কাজে লেগেছে। আবারো ফাইনালে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।”

বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার এখন ইতিহাসের দ্বারপ্রান্তে। চলতি মাসেই ইন্ডিয়ান ওয়েলস জেতার পর এখন মিয়ামি জিতলে ২০১৭ সালে রজার ফেদেরারের পর প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে সানশাইন ডাবল’ পূর্ণ করবেন তিনি। মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে এটি সিনারের টানা ১৬তম জয়। এছাড়া তিনি টানা ৩২টি সেট জয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন।

দিনের অন্য সেমিফাইনালে ফরাসি খেলোয়াড় আর্থার ফিলসকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন টুর্নামেন্টের ২১তম বাছাই জিরি লেহেচকা। মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে ক্যারিয়ারের প্রথম মাস্টার্স ১০০০ ফাইনাল নিশ্চিত করেন তিনি। ফাইনাল নিয়ে রোমাঞ্চিত লেহেচকা বলেন, আমি ফাইনালে উঠে খুব উত্তেজিত। তবে দিনশেষে এটি কেবল একটি খেলা, পৃথিবীতে বর্তমানে এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে।”

রোববার মিয়ামির হার্ড কোর্টে যখন সিনার ও লেহেচকা মুখোমুখি হবেন, তখন ফেভারিট হিসেবেই মাঠে নামবেন সিনার। তবে ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা লেহেচকা যেকোনো অঘটন ঘটাতে প্রস্তুত।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন