Logo

খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৯:৫৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

সাথিরা জাকির জেসি

নারী ক্রিকেটের আম্পায়ারিংয়ে আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে আম্পায়ার হিসেবে মনোনীত হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে ইতোমধ্যে তিনি এই মেগা ইভেন্টে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও দক্ষতার সাথে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছিলেন জেসি। সেই আসরে তিনি মোট আটটি ম্যাচে দায়িত্বে ছিলেন, যার মধ্যে চারটিতে মাঠের আম্পায়ার, দুটিতে টিভি আম্পায়ার এবং বাকি দুটিতে চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করেছেন। টানা দুটি বিশ্বকাপে সুযোগ পাওয়াকে জেসি নিজের ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, টানা দুটি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারা সত্যিই গর্বের। আমি ভালো করলে অন্যদের জন্য পথ সুগম হবে। শুনছি আইসিসি মেয়েদের জন্য আলাদা এলিট প্যানেল করার পরিকল্পনা করছে, সেখানে ভালো করতে পারলে মূল্যায়নের সুযোগ থাকবে।

বিসিবির আম্পায়ার্স বিভাগের পক্ষ থেকেও জেসির এই অর্জনে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জেসি খুব অল্প সময়ে দারুণ উন্নতি করেছে। ওয়ানডে বিশ্বকাপের অভিজ্ঞতা টি-টোয়েন্টিতে তাকে আরও আত্মবিশ্বাসী করবে।

বিশ্বকাপের সূচি ও বাংলাদেশের গ্রুপ

আগামী ১২ জুন ইংল্যান্ডের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১২টি দল। বাংলাদেশ দল বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। গ্রুপ : বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ বি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল খেলবে কঠিন গ্রুপ -তে। আগামী ১৪ জুন এজবাস্টনে ডাচ মেয়েদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। উল্লেখ্য, নেদারল্যান্ডস নারী দল এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুলাই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন