ইতিহাস গড়তে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:৩০
বাংলাদেশের নারী ফুটবলে রচিত হতে যাচ্ছে আরও একটি সোনালি অধ্যায়। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল মঞ্চে পা রাখছে লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বুধবার উদ্বোধনী দিনেই স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপের গণ্ডি পেরিয়ে এশিয়ার
সেরা আট দলের লড়াইয়ে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাইল্যান্ড
ছাড়াও রয়েছে এশিয়ার পরাশক্তি চীন ও ভিয়েতনাম। থাইল্যান্ডের চনবুরিতে অনুষ্ঠিতব্য এই
ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে (কোচ ও খেলোয়াড়দের ভিন্ন ভিন্ন
তথ্যের ভিত্তিতে সময়সূচিতে কিছুটা তারতম্য থাকলেও স্থানীয় আয়োজক সূত্রে এটিই চূড়ান্ত
সময়)।
টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে
জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে ড্র করলেও বেশ কিছু ভুলত্রুটি
নজরে এসেছে কোচ পিটার বাটলারের। দলের প্রধান ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি এক ভিডিও
বার্তায় জানিয়েছেন, জর্ডান ম্যাচে যেসব ভুল হয়েছে, কোচ অনুশীলনে সেগুলো নিয়ে নিবিড়
কাজ করেছেন। এখানকার পরিবেশ ও মাঠ চমৎকার। আমরা আমাদের সেরা পারফরম্যান্স দিতে পুরোপুরি
প্রস্তুত।
অধিনায়ক আফঈদা খন্দকারের নেতৃত্বে দলটি
গত ২০ মার্চ থাইল্যান্ডে পৌঁছায় এবং সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দীর্ঘ অনুশীলন
করেছে।
বিপজ্জনক গ্রুপে থাকলেও কোচ পিটার বাটলার
মেয়েদের ওপর বাড়তি চাপ দিতে চান না। তবে তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন এএফসি ও সাফের
পার্থক্যের কথা। সংবাদ সম্মেলনে বাটলার বলেন, সাফ চ্যাম্পিয়নশিপ আর এএফসি সম্পূর্ণ
ভিন্ন পর্যায়ের ফুটবল। আমি সবসময় মেয়েদের বলি নিজেদের স্বকীয়তা বজায় রাখতে। এই আসরটি
আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ অভিজ্ঞতার হবে। আমরা ইতিবাচক ও প্রতিদ্বন্দ্বিতামূলক
ফুটবল খেলতে চাই। সম্প্রতি সিনিয়র জাতীয় দল এশিয়ান কাপে যে লড়াই করেছে, তা অনূর্ধ্ব-২০
দলের মেয়েদের আত্মবিশ্বাস জোগাবে। ফলাফল যাই হোক, মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের
সর্বোচ্চ প্রমাণ দিতে মরিয়া লাল-সবুজের মেয়েরা।
বাংলাদেশের
ম্যাচ সূচি (গ্রুপ পর্ব):
১ এপ্রিল: বনাম থাইল্যান্ড
৪ এপ্রিল: বনাম চীন
৭ এপ্রিল: বনাম ভিয়েতনাম
বাংলাদেশের খবর/ এম.আর

