Logo

খেলা

প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ, কে কোন গ্রুপে

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৫:৫৫

প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ, কে কোন গ্রুপে

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ১১ জুন পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন অর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ, যার মধ্যে ৪২ দল নিশ্চিত হয়েছিল গত বছরই। তিন স্বাগতিক দল বাদে ৩৯ দল দীর্ঘ বাছাই পর্ব পেরিয়ে পেয়েছিল কাঙ্ক্ষিত বিশ্বকাপের টিকিট।

বাকি ছয়টি জায়গার চারটিই ফাঁকা ছিল ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ও বাকি দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে আসা দলের জন্য। মঙ্গলবার (৩১ মার্চ) ও বুধবার (১ এপ্রিল) সকালে কাঙ্ক্ষিত টিকিট পেয়েছে ছয়টি দল।

মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ফাইনালে মুখোমুখি হয়েছিল মোট আটটি দল: ইতালি-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা; চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক, সুইডেন-পোল্যান্ড এবং তুরস্ক-কসোভো।

এর মধ্যে অঘটনের শিকার হয়ে বাদ পড়েছে ইতালি। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭১ নম্বর দল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা টাইব্রেকারে পাওয়া জয়ে দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি প্লে-অফে যথাক্রমে চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং তুরস্ক জয় পেয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে।

এদিকে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফে মুখোমুখি হয়েছিল ডিআর কঙ্গো-জ্যামাইকা এবং ইরাক-বলিভিয়া। নিজ নিজ ম্যাচে জয় পেয়ে যথাক্রমে ৪৭ ও ৪৮ নম্বর দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ডিআর কঙ্গো ও ইরাক। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেছে আসন্ন বিশ্বকাপের ৪৮ দল।

কে কোন গ্রুপে পড়েছে

গ্রুপ–এ: মেক্সিকো (সহ-আয়োজক), দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র;

গ্রুপ–বি: কানাডা (সহ-আয়োজক), বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড;

গ্রুপ–সি: ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড;

গ্রুপ–ডি: যুক্তরাষ্ট্র (সহ-আয়োজক), প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক;

গ্রুপ–ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর;

গ্রুপ–এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া;

গ্রুপ–জি: বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড;

গ্রুপ–এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে;

গ্রুপ–আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে;

গ্রুপ–জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান;

গ্রুপ–কে: পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া;

গ্রুপ–এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন