Logo

খেলা

নেপাল-বাধা পেরিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৯:১৯

নেপাল-বাধা পেরিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বুধবার মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে মানিকের করা দর্শনীয় গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নেপালকে চেপে ধরে বাংলাদেশ। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ১১ মিনিটে ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর হাওয়ায় ভাসানো নিখুঁত ক্রসে ডি-বক্সের ভেতর লাফিয়ে উঠে দারুণ এক হেডে বল জালে জড়ান মোহাম্মদ মানিক। মালে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকরা মেতে ওঠেন গোল উৎসবে।

গোল পাওয়ার দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করতে পারত বাংলাদেশ। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান বল জালে পাঠালেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় সেই গোল বাতিল হয়। প্রথমার্ধের বাকি সময়েও মুর্শেদ আলী ও নাজমুলরা একের পর এক আক্রমণে নেপালের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন। ৩৮ মিনিটে মুর্শেদের একটি বুলেট গতির শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। এই ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভানের উপস্থিতি। রোনান শুরু থেকেই খেললেও ৮৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ডেকলান সুলিভান। এর মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পর দুই ভাইকে একসঙ্গে লাল-সবুজ জার্সিতে মাঠে দেখার সুযোগ পেল ভক্তরা। তবে জয়ের আনন্দের মাঝে ইনজুরি আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশ শিবিরে। ৫২ মিনিটে গোলদাতা মানিক এবং ৬৭ মিনিটে সানি দাস চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। তাদের পরিবর্তে মাঠে নামেন জয় আহমেদ ও ডেকলান।

দ্বিতীয়ার্থের শুরু থেকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। বিশেষ করে শেষ ৩০ মিনিট বাংলাদেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে তারা। ৬০ মিনিটে নেপালের বিজ্ঞান খড়কার একটি হেড অল্পের জন্য জালের ওপর দিয়ে চলে গেলে বেঁচে যায় বাংলাদেশ। গোলরক্ষক মাহিন বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে দলের লিড ধরে রাখেন। নির্ধারিত সময়ের পর যোগ করা ৬ মিনিটে ম্যাচটি চরম নাটকীয় রূপ নেয়। ৯১ মিনিটে নেপালের অনুভবের ৩০ গজ দূর থেকে নেওয়া এক শক্তিশালী শট শরীর দিয়ে ব্লক করেন ডিফেন্ডার ইউসুফ আলী। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

২০২৪ সালের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও ট্রফি ধরে রাখতে মরিয়া। বুধবার রাতের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ভুটানের মধ্যকার জয়ী দলের বিপক্ষে আগামী শনিবার শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। মালে স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের বাঁধভাঙা উল্লাসই বলে দিচ্ছিল, যুবাদের এই জয় দেশের ফুটবল প্রেমীদের জন্য বড় এক স্বস্তির খবর।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন