Logo

খেলা

এশিয়ান গেমস হকি বাছাই

তাইপেকে হারিয়ে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৯:৪৬

তাইপেকে হারিয়ে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়

জাপানের নাগোয়ায় আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করার মিশনে থাইল্যান্ডে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ব্যাংককের নীল টার্ফে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছে কোচ অলিভার কার্টজের শিষ্যরা। ম্যাচের শেষ মুহূর্তের চরম নাটকীয়তা দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজ ব্রিগেড।

খেলার শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক ছিল না। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় ফিল্ড গোলে তাইপেকে লিড এনে দেন চি হুসান। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে আবারও পিসি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। তৃতীয় কোয়ার্টারে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। যুব হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম দুর্দান্ত এক পিসি গোলে ব্যবধান ৩-১ করেন। ম্যাচের নিয়ন্ত্রণ যখন পুরোপুরি বাংলাদেশের হাতে, তখনই শুরু হয় চতুর্থ কোয়ার্টারের রোমাঞ্চ। ৫৯তম মিনিটে দ্বীন ইসলাম ইমন পিসি থেকে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। গ্যালারিতে তখন বাংলাদেশের সহজ জয়ের আবহ।

খেলার নাটকীয়তা তখনো বাকি ছিল। ৫৯তম মিনিটেই দ্রুত এক গোল শোধ করেন তাইপের চি হুসান। এর মাত্র ১৪ সেকেন্ড পর পিসি থেকে তাইপে আরও এক গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩। ম্যাচের শেষ ৫০ সেকেন্ডে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে তাইপে। তবে রক্ষণভাগের দৃঢ়তায় আর কোনো অঘটন ঘটতে দেয়নি বাংলাদেশ। বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ শীর্ষ ছয়টি দল সরাসরি জাপানের আইচি ও নাগোয়া এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই আসরে জায়গা করে নিতে বাংলাদেশ এখন সুবিধাজনক অবস্থানে। উল্লেখ্য, বাংলাদেশ এই বাছাই টুর্নামেন্টে একাধিকবারের চ্যাম্পিয়ন।

নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার দুপুর ১২টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগামী ৬ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়বে লাল-সবুজরা। বর্তমান ফর্ম বজায় রাখতে পারলে সেমিফাইনাল ও এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করা বাংলাদেশের জন্য সময়ের ব্যাপার মাত্র।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন