আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারকা ডুসেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৯:৪৮
রাসি ভ্যান ডার ডুসেন
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে একটি অধ্যায়ের অবসান হলো। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্রোটিয়াদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তার মাধ্যমে ৩৭ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটার নিজের সাত বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান।
২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার
(সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরই ডুসেন এই ঘোষণা দিলেন। গত সাত মাস ধরে
জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এবং ডেভিড মিলার এবারের চুক্তিতে বড় নাম হিসেবে
জায়গা পাননি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ডুসেন ঘরোয়া ক্রিকেটে নিজের দল ‘লায়ন্স’-এর হয়ে খেলা চালিয়ে যাবেন এবং
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত থাকবেন। পাশাপাশি ভবিষ্যতে কোচিং ও মেন্টরিং পেশায়
যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বিদায়বেলায় ডুসেন বলেন, “গর্ব ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমি আন্তর্জাতিক
ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। প্রোটিয়া জার্সি পরা এমন এক সম্মান, যা আপনাকে কঠোরভাবে
পরীক্ষা নেয়, আবার অসাধারণভাবে পুরস্কৃতও করে। এই যাত্রা ছিল ত্যাগের, কিন্তু দেশের
হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।” তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, কোচ এনকোক এনকওয়ে
এবং সব সমর্থকদের ধন্যবাদ জানান। বিশেষ করে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দর্শকদের
গর্জনের মধ্যে ব্যাটিংয়ে নামার স্মৃতি আজীবন মনে রাখবেন বলে উল্লেখ করেন।
পরিসংখ্যান ও ক্যারিয়ারের মাইলফলক
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি
দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ডুসেন খুব দ্রুতই তিন ফরম্যাটে দলের অপরিহার্য অংশ
হয়ে ওঠেন।
ওয়ানডে: ৭১ ম্যাচে ৫২.৪২ গড়ে ২,৬৫৭ রান
করেছেন তিনি। ৬টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটি সমৃদ্ধ এই ক্যারিয়ারে তার ব্যাটিং গড় দক্ষিণ
আফ্রিকার ইতিহাসে কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের পরেই দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ বিশ্বকাপে
নিউজিল্যান্ডের বিপক্ষে তার করা ১৩৩ রানের ইনিংসটি অন্যতম সেরা হিসেবে বিবেচিত। টি-টোয়েন্টি:
৫৭ ম্যাচে ১২৮.৭৫ স্ট্রাইক রেটে ১,৪০৬ রান করেছেন। তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ
দলেও ছিলেন। টেস্ট: ১৮টি টেস্ট খেলেছেন তিনি, যেখানে ৬টি অর্ধশতকসহ তার সর্বোচ্চ রান
ছিল ৯৮ (ইংল্যান্ডের বিপক্ষে)।
আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচটি
ছিল ২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের
ভেতর একজন প্রভাবশালী ও সিনিয়র ব্যক্তিত্ব হিসেবেও সমাদৃত ছিলেন ডুসেন। ২০২৪ সালে ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি প্রোটিয়াদের নেতৃত্বও দিয়েছিলেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী
ফোলেতসি মোসেকি ডুসেনের অবদানের স্বীকৃতি দিয়ে বলেন, “গুরুত্বপূর্ণ মুহূর্তে ডুসেন সবসময় দলের
জন্য পারফর্ম করেছেন। সতীর্থ ও সমর্থকদের শ্রদ্ধা অর্জন করেছেন তিনি। আমরা তার ভবিষ্যতের
জন্য শুভকামনা জানাই।” দলের পরিচালক এনকোক এনকওয়ে তাকে ‘ড্রেসিংরুমের শক্তিশালী কণ্ঠ’ হিসেবে অভিহিত
করেছেন।
বাংলাদেশের খবর/ এম.আর

