ইয়াসির মোহাম্মদ ফয়সাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেন খড়কুটোর মতো ঝরছে পরিচালকদের পদ। ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার পদত্যাগ করলেন বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল। বৃহস্পতিবার সকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই
পরিচালক তার পদত্যাগের পেছনে ‘একান্তই ব্যক্তিগত’ কারণ উল্লেখ করেছেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়াসির
ফয়সাল বলেন, “পুরো বিষয়টি আমার
ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে অন্য কোনো কারণ বা চাপের বিষয় নেই। যতদিন দায়িত্বে ছিলাম,
সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আজ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছি।” তবে বিসিবির
ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচন এবং বর্তমান কমিটির বৈধতা নিয়ে
ওঠা প্রশ্নের মুখে বোর্ডের ভেতর এক ধরণের অস্বস্তি কাজ করছে, যার প্রতিফলন ঘটছে এই
পদত্যাগগুলোতে।
টানা তিন পরিচালকের পদত্যাগে বিসিবি এখন
বেশ বিব্রতকর অবস্থায়। একদিকে প্রশাসনিক সংকট, অন্যদিকে মাঠের ক্রিকেট নিয়েও বাড়ছে
অসন্তোষ। ঢাকা প্রিমিয়ার লিগসহ (ডিপিএল) ঘরোয়া বেশ কিছু টুর্নামেন্ট সময়মতো শুরু না
হওয়ায় ক্রিকেটারদের পক্ষ থেকে চাপ বাড়ছে। নিয়মিত খেলা না থাকায় আর্থিক সংকটে পড়েছেন
অনেক ক্রিকেটার, যা বিসিবিকে আরও বেকায়দায় ফেলেছে।
এমন সংকটময় পরিস্থিতিতে কাল শনিবার মিরপুর
শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এক জরুরি বোর্ড সভার ডাক দেওয়া
হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এই সভায় বর্তমান অস্থিতিশীলতা
কাটিয়ে ওঠার উপায় এবং আসন্ন টুর্নামেন্টগুলোর ভাগ্য নির্ধারণ করা হবে। যারা সশরীরে
উপস্থিত হতে পারবেন না, তারা অনলাইনে এই সভায় যুক্ত থাকবেন।
বিসিবি পাড়ায় জোর গুঞ্জন রয়েছে যে, ইয়াসির
ফয়সালের পর আরও অন্তত দুই থেকে তিনজন পরিচালক পদত্যাগ করতে পারেন। নাম প্রকাশ না করার
শর্তে একজন পরিচালক জানিয়েছেন, বোর্ডের বর্তমান কর্মপরিবেশ নিয়ে অনেকেই সন্তুষ্ট নন।
তাই সামনে এই তালিকা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবমিলিয়ে মাঠের ক্রিকেটের চেয়ে এখন বোর্ডের
অভ্যন্তরীণ রাজনীতি ও প্রশাসনিক রদবদলই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার মূল খোরাক হয়ে দাঁড়িয়েছে।
শনিবারে বোর্ড সভার পর বিসিবির ভবিষ্যৎ কোন দিকে যায়, এখন সেটাই দেখার বিষয়।
বাংলাদেশের খবর/ এম.আর

