মেজি ডেভিস
২০২৭ নারী বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েলস। দলে সবচেয়ে বড় চমক হিসেবে ফিরেছেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী ডিফেন্ডার মেজি ডেভিস। তবে গোড়ালির ইনজুরির কারণে আলবেনিয়ার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে দর্শক হয়ে থাকতে হচ্ছে দলের নির্ভরযোগ্য গোলরক্ষক ওলিভিয়া ক্লার্ককে।
গত বছরের মে মাসে ডেনমার্কের বিপক্ষে নেশনস
লিগের ম্যাচে এসিএল ইনজুরিতে পড়েছিলেন মেজি ডেভিস। দীর্ঘ ১১ মাস মাঠের বাইরে থাকার
পর সম্প্রতি ম্যানচেস্টার সিটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে মাঠে ফিরেছেন তিনি। ওয়েলস কোচ
রিয়ান উইলকিনসন তাকে দলে ডাকলেও এখনই ম্যাচ খেলার বাড়তি চাপ দিতে চান না। কোচ জানান,
মেজি আপাতত দলের সাথে অনুশীলনে যোগ দেবেন, তবে ২৩ জনের মূল ম্যাচ স্কোয়াডের বাইরে থাকবেন
তিনি। উইলকিনসনের মতে, মেজি ডেভিস এমন একজন ফুটবলার যার মধ্যে দেশের হয়ে ১০০-এর বেশি
ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।
লেস্টার সিটির গোলরক্ষক ওলিভিয়া ক্লার্কের
অনুপস্থিতি ওয়েলস শিবিরের জন্য বড় ধাক্কা। ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লার্কের জায়গায়
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী লুসি ফারেল-শ্রাউডার। বর্তমানে বার্নলি
থেকে ধারে স্টোক সিটিতে খেলছেন তিনি। ক্লার্ক না থাকায় ম্যানচেস্টার ইউনাইটেডের সাফিয়া
মিডলটন-প্যাটেল এক নম্বর গোলরক্ষক হিসেবে আলবেনিয়ার বিপক্ষে দুই ম্যাচেই শুরুর একাদশে
থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ। ২০২৭ সালের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। ওয়েলস
বর্তমানে গ্রুপ বি১-এ খেলছে। প্রথম দুই ম্যাচে চেক প্রজাতন্ত্রের সাথে ড্র এবং মন্টিনিগ্রোর
বিপক্ষে বড় জয় নিয়ে পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে আছে তারা। লিগ ‘বি’-তে থাকায় তাদের সরাসরি বিশ্বকাপে যাওয়ার
সুযোগ নেই, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে প্লে-অফের সহজ সমীকরণ পাবে ওয়েলস। আগামী
১৪ এপ্রিল (মঙ্গলবার) রেক্সহ্যামের স্টোক কায়ে রাস স্টেডিয়ামে আলবেনিয়ার মুখোমুখি
হবে ওয়েলস। এর চার দিন পর ১৮ এপ্রিল ফিরতি ম্যাচে আলবেনিয়ার এলবাসান এরেনায় খেলতে
যাবে উইলকিনসনের দল।
ঘোষিত ওয়েলস স্কোয়াড
লুসি ফারেল-শ্রাউডার, সাফিয়া মিডলটন-প্যাটেল,
পপি সোপার, মেজি ডেভিস, চার্লি এস্টকোর্ট, জেমা ইভান্স, রিয়ানন রবার্টস, এথার মরগান,
লিলি উডহ্যাম, হেইলি ল্যাড, সোফি ইঙ্গল, আঙ্গারাদ জেমস, লুইস জোয়েল, ক্যারি জোনস,
এলা পাওয়েল, মিয়া রস, র্যাচেল রো, সেরি হল্যান্ড, টিয়ানা তিসার, অ্যানি ওয়াইল্ডিং,
ফিয়ন মরগান, ফোবি পুল, মারেড গ্রিফিথস, হান্না কেইন এবং এলিস হিউজ।
বাংলাদেশের খবর/ এম.আর

