Logo

খেলা

তামিম ইকবাল দেশের ক্রিকেটের আলোর দিশারি: জাহানারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:২২

তামিম ইকবাল দেশের ক্রিকেটের আলোর দিশারি: জাহানারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংকটাপন্ন মুহূর্তে নেতৃত্বের হাল ধরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তার এই নতুন পথচলাকে স্বাগত জানিয়েছেন সতীর্থ থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা। তামিমকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলম আশাবাদ ব্যক্ত করেছেন যে, তামিমই হবেন দেশের ক্রিকেটের আলোর দিশারি’।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তামিম ইকবালকে শুভেচ্ছা জানান জাহানারা আলম। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। তামিম ইকবাল ভাইয়াকে অভিনন্দন। ইনশাআল্লাহ, আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য আলোর দিশারি হবেন বলে আশা করি।” জাহানারার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনরা ক্রিকেটে নতুন নেতৃত্বের আগমনে ইতিবাচক প্রতিক্রিয়া জানান।

বিসিবির গত নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই আদেশে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের পরিবেশ তৈরি ও বোর্ডের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পরপরই নিজের লক্ষ্যের কথা স্পষ্ট করেছেন নবনিযুক্ত সভাপতি তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাধারণত কেউ দায়িত্ব পেলে অনেক বড় বড় উন্নতির কথা বলেন। কিন্তু আমি এবং আমার টিম মনে করি, আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। গত এক-দেড় বছরে মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে দেশের ক্রিকেটের ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে, তা ফিরিয়ে আনাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

বিসিবিতে গত দেড় বছরে তিনবার সভাপতি বদল এবং বারবার আইনি জটিলতায় দেশের ক্রিকেট যখন স্থবির হয়ে পড়েছিল, তখন তামিম ইকবালের মতো একজন ব্যক্তিত্বের হাতে দায়িত্ব আসায় নতুন আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন