অ্যাডহক কমিটির সভা
৬ জুলাইয়ের মধ্যে বিসিবি নির্বাচন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:২৭
তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৬ জুলাইয়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বিসিবির প্রতিনিধিত্ব এবং অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটি।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক
জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডহক কমিটিকে আগামী ৯০ দিন অর্থাৎ ৬ জুলাইয়ের মধ্যে
নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। মঙ্গলবার
দায়িত্ব গ্রহণের পরই রাতে এক জরুরি বৈঠকে বসেন কমিটির সদস্যরা। বৈঠক শেষে সভাপতি তামিম
ইকবাল বলেন, “আমরা একটি সুন্দর
ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করব যেন যোগ্য সংগঠকরা নির্বাচনে আসতে পারেন। আমি নিজেও এই
নির্বাচনে অংশগ্রহণ করব।”
অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক
ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর আসন্ন সভাগুলোতে
বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল। প্রথা অনুযায়ী বোর্ড সভাপতিই এই সভাগুলোতে
অংশ নেন। তবে কমিটি যেহেতু অ্যাডহক, তাই আইসিসির পরামর্শ অনুযায়ী বিসিবির প্রধান নির্বাহী
কর্মকর্তা (সিইও)-কেও এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের আর্থিক ও প্রশাসনিক
স্থবিরতা কাটাতে ব্যাংক সিগনেটরি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বিসিবির আর্থিক লেনদেনের
ক্ষেত্রে দুটি গ্রুপ থাকবে। ম্যানেজমেন্ট গ্রুপে থাকবেন সিইও ও হেড অব ফাইন্যান্স।
অন্যদিকে, বোর্ড বা অ্যাডহক কমিটির পক্ষে সিগনেটরি হিসেবে দায়িত্ব পালন করবেন সভাপতি
তামিম ইকবাল এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান।
১১ সদস্যের এই অ্যাডহক কমিটিতে রয়েছেন—তামিম
ইকবাল (সভাপতি), রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু,
মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, রফিকুল ইসলাম বাবু, সালমান
ইস্পাহানি ও ফাহিম সিনহা। সভার সিদ্ধান্ত অনুযায়ী, তানজিল চৌধুরীকে অ্যাডহক কমিটির
আনুষ্ঠানিক মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে।
আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়ে প্রাথমিক
আপডেট নিয়েছে কমিটি। সফরের প্রস্তুতি যেন বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
এছাড়া বিসিবির আইনি জটিলতা নিরসনে দ্রুতই নতুন লিগ্যাল কাউন্সিল নিয়োগের বিষয়েও আলোচনা
হয়েছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, নির্বাচনের সুনির্দিষ্ট
তারিখ নির্ধারণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দ্রুত সমন্বয় করার মাধ্যমে তামিম
ইকবালের কমিটি বিসিবিতে দীর্ঘদিনের অস্থিরতা কাটানোর প্রাথমিক ধাপে সফল হয়েছে।
বাংলাদেশের খবর/এম.আর

