টেবিল টেনিসে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২০:৩০
ভারতের হিমাচল প্রদেশের শিমলায় সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই অবিস্মরণীয় জয়ের ফলে বাংলাদেশ আগামী ২১-২৭ জুন ওমানের মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করল।
শিমলার ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ সেটে জয় পায় বাংলাদেশ। যদিও ম্যাচের
শুরুটা ছিল কিছুটা হতাশাজনক। বিকেএসপির আবুল হাসেম হাসিব লঙ্কান ভিয়ানদুয়া আকাইনের
কাছে ২-৩ গেমে হেরে গেলে পিছিয়ে পড়ে দল। তবে দমে যায়নি বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩-০ গেমে
দানুক লামাসুরিয়াকে হারিয়ে সমতা ফেরান। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে
হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে
হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় নিশ্চিত করেন।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত হাজার
ফুট উচ্চতা এবং ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র শীতের মধ্যে খেলতে গিয়ে শুরুতে
বাংলাদেশের খেলোয়াড়রা কিছুটা সমস্যায় পড়লেও দ্রুতই খাপ খাইয়ে নেন। গ্রুপে বাংলাদেশ,
শ্রীলঙ্কা ও নেপাল—তিন দলেরই পয়েন্ট ৫ হলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল
করে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বালক দলের জন্য এটি বড় এক অর্জন। ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত
প্রথম সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ স্বর্ণ জিতেছিল। ২০২৩ ও ২০২৪ সালে
যথাক্রমে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে বাংলাদেশ রৌপ্য পদক এবং গত বছর নেপালে ব্রোঞ্জ
জিতেছিল। এবার সেই ব্রোঞ্জ ও রুপাকে ছাড়িয়ে আবারও স্বর্ণের সিংহাসন পুনরুদ্ধার করল
বাংলাদেশ।
বালক অনূর্ধ্ব-১৯ বিভাগ সোনা জিতলেও অনূর্ধ্ব-১৫
বালক দল নেপাল ও মালদ্বীপকে হারালেও শ্রীলঙ্কার কাছে হেরেছে। তাদের শেষ ম্যাচ ভারতের
বিপক্ষে। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার কাছে হেরে
টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। অনূর্ধ্ব-১৫ বালিকা দলও শ্রীলঙ্কা ও নেপালের কাছে পরাজিত
হয়েছে; তাদের সামনে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি।
উল্লেখ্য, গত বছর এই আসর থেকে বাংলাদেশ
৭টি ব্রোঞ্জ জিতেছিল। শুক্রবার ও শনিবার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টের
খেলা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের খবর/এম.আর

