Logo

খেলা

ফিফা বিশ্বকাপ

জার্মানির শিরোপা জয়ের নেপথ্য কারিগর আন্দ্রে শুরল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

জার্মানির শিরোপা জয়ের নেপথ্য কারিগর আন্দ্রে শুরল

২০২৬ ফুটবল বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র ৬১ দিন বাকি। বিশ্ব আসরের এই বিশেষ ক্ষণগণনা রাঙাতে ফিফা প্রতিদিন প্রকাশ করছে ঐতিহাসিক সব পরিসংখ্যান ও নেপথ্যের গল্প। সেই ধারাবাহিকতায় আজ উঠে এসেছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের অন্যতম নায়ক আন্দ্রে শুরলের নাম।

পরিসংখ্যানের পাতায় শুরলের অবদান এতটাই উজ্জ্বল ছিল যে, সেই টুর্নামেন্টে প্রতি ৬১ মিনিটে একটি করে গোল বা অ্যাসিস্ট করেছিলেন এই ফরোয়ার্ড। মূলত তার এই অবিশ্বাস্য কার্যকারিতাই জার্মানিকে চতুর্থবারের মতো বিশ্বসেরার মুকুট পরতে সাহায্য করেছিল।

অথচ সেই আসরে জোয়াকিম লো-র দলে জায়গা করে নেওয়াটা শুরলের জন্য ছিল পাহাড়সম চ্যালেঞ্জ। মিরোস্লাভ ক্লোসা, টমাস মুলার, মেসুত ওজিল, মারিও গোটসা ও লুকাস পোডোলস্কিদের মতো তারকাদের ভিড়ে গ্রুপ পর্বে মাত্র ২৮ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছিলেন তৎকালীন এই চেলসি উইঙ্গার। তবে নকআউট পর্ব শুরু হতেই নিজের জাত চেনাতে শুরু করেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে শেষ ১৬-র লড়াইয়ে বিরতির পর বদলি হিসেবে নেমে অতিরিক্ত সময়ে গোল করে ডেডলক ভাঙেন শুরলে, যা জার্মানিকে ২-১ ব্যবধানের জয় এনে দেয়। এরপর সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ৭-১ গোলের ম্যাচেও বেঞ্চ থেকে উঠে এসে দুর্দান্ত এক জোড়া গোল করেন তিনি।

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শুরলের অবদান ছিল সবচেয়ে নাটকীয়। ম্যাচের মাত্র ৩২ মিনিটে ক্রিস্টোফ ক্রেমার ইনজুরিতে পড়লে অনেকটা অপ্রত্যাশিতভাবেই মাঠে নামতে হয় তাকে। মারাকানার সেই টানটান উত্তেজনার ম্যাচে অতিরিক্ত সময়ে বাম প্রান্ত থেকে শুরলের বাড়ানো এক নিখুঁত ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান মারিও গোটসা। শুরলের সেই জাদুকরী অ্যাসিস্টেই নিশ্চিত হয় জার্মানির শিরোপা।

মাত্র ২৯ বছর বয়সে ২০২০ সালে ফুটবল থেকে আকস্মিক অবসর নিলেও ২০১৪ বিশ্বকাপের সেই ৬১ মিনিটের বীরত্ব’ আজও তাকে ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় চরিত্র হিসেবে বাঁচিয়ে রেখেছে। সূত্র: ফিফা.কম

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন