অস্ট্রেলিয়াকে হারিয়ে বিলি জিন কিং কাপের ফাইনালে গ্রেট ব্রিটেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৬:৪১
হ্যারিয়েট ডার্ট ও জোডি বারেজ
মেলবোর্নের হার্ড কোর্টে শনিবার ডাবলস লড়াইয়ে স্টর্ম হান্টার এবং এলেন পেরেজ জুটিকে সরাসরি সেটে হারিয়েছে হ্যারিয়েট ডার্ট ও জোডি বারেজ জুটি। ৬-৩, ৬-৪ ব্যবধানের এই জয়ে পাঁচ ম্যাচের বাছাইপর্বে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রিটেনের। প্রথমবারের মতো জুটি বেঁধে খেলতে নেমেই অজিদের বিপক্ষে এই অভাবনীয় সাফল্য পান ডার্ট ও বারেজ।
এমা রাড়ুকানু ও কেটি বোল্টারের মতো শীর্ষ
১০০ র্যাঙ্কিংয়ে থাকা চার তারকা খেলোয়াড়কে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ব্রিটিশ
দল। শক্তিতে পিছিয়ে থাকলেও কোর্টে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। শুক্রবার সিঙ্গেলস লড়াইয়ে
১৭ বছর বয়সী মিকা স্টয়সাভলজেভিচ নিজের অভিষেকেই তাক লাগিয়ে দেন। র্যাঙ্কিংয়ে নিজের
চেয়ে ২০০ ধাপ এগিয়ে থাকা তালিয়া গিবসনকে সরাসরি সেটে হারান তিনি। অন্য ম্যাচে হ্যারিয়েট
ডার্ট প্রথম সেটে পিছিয়ে থেকেও কিম্বার্লি বিরেলের বিপক্ষে জয় তুলে নিয়ে ব্যবধান ২-০
করেন।
শনিবার ডাবলসে জয় নিশ্চিত হওয়ার পর নিয়মরক্ষার
চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সী এমারসন জোনস সরাসরি সেটে কেটি সোয়ানকে হারালেও
তা ব্রিটিশদের উৎসবে বাধা হতে পারেনি। গত দুই আসরের সেমিফাইনালিস্ট ব্রিটেনের সামনে
এখন অধরা শিরোপার স্বপ্ন। দলের অধিনায়ক অ্যান কেওথাভং তার শিষ্যদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত।
তিনি বলেন, “আমরা দারুণ আনন্দিত।
আমাদের দলের গভীরতা এবং খেলোয়াড়দের মানসিক শক্তি দারুণ। শেনজেনে আমরা কেবল সংখ্যা বাড়াতে
যাচ্ছি না, বিশেষ কিছু করাই আমাদের লক্ষ্য।”
ডাবলসের শুরুটা অবশ্য ব্রিটিশদের জন্য
সহজ ছিল না। নিজেদের প্রথম সার্ভিস গেম খুইয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন ডার্ট ও
বারেজ। তবে সেখান থেকে টানা পাঁচ গেম জিতে প্রথম সেট নিজেদের করে নেন তারা। দ্বিতীয়
সেটে চারবার সার্ভিস ব্রেক হলেও স্নায়ু ধরে রেখে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন এই দুই
লড়াকু টেনিস তারকা। এই জয়ের ফলে অস্ট্রেলিয়াকে আগামী নভেম্বরে প্লে-অফ খেলতে হবে, আর
গ্রেট ব্রিটেন সরাসরি লড়বে বিশ্বের সেরা আটটি দলের অংশগ্রহণে হতে যাওয়া সেপ্টেম্বর
ফাইনালে।
বাংলাদেশের খবর/এম.আর

