বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপে ‘৩-০’ ব্যবধানের যত জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:৪৬
গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ শুরু হতে বাকি আর মাত্র ৫৭ দিন। ফুটবল বিশ্বের এই মহাযজ্ঞকে সামনে রেখে প্রতিদিন নতুন নতুন পরিসংখ্যান প্রকাশ করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশেষ সংখ্যায় উঠে এসেছে বিশ্বকাপের আসরে ‘৩-০’ গোলের ব্যবধানে জয়ের কিছু রোমাঞ্চকর তথ্য।
ইতিহাসে ৫৭ বার ৩-০: বিশ্বকাপের দীর্ঘ
পথচলায় এ পর্যন্ত মোট ৫৭টি ম্যাচ ৩-০ গোলের ব্যবধানে শেষ হয়েছে। ফিফার পরিসংখ্যান অনুযায়ী,
একটি নির্দিষ্ট আসরে সবচেয়ে বেশি ৩-০ ব্যবধানের জয় দেখা গিয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স
বিশ্বকাপে। সেই আসরে মোট ৬টি ম্যাচে এই স্কোরলাইন দেখা যায়। ম্যাচগুলো ছিল: ফ্রান্স-দক্ষিণ
আফ্রিকা, ব্রাজিল-মরক্কো, ইতালি-ক্যামেরুন, স্কটল্যান্ড-মরক্কো (০-৩), জার্মানি-ক্রোয়েশিয়া
(০-৩) এবং ফাইনাল ম্যাচে ব্রাজিল-ফ্রান্স (০-৩)।
ফাইনালের একমাত্র ৩-০: বিশ্বকাপের ফাইনালের
মতো হাই-ভোল্টেজ ম্যাচে ৩-০ ব্যবধানের জয় পাওয়া অত্যন্ত বিরল। এখন পর্যন্ত বিশ্বকাপের
ইতিহাসে ১৯৯৮ সালের ফাইনালটিই একমাত্র ম্যাচ, যেখানে ফ্রান্স ৩-০ গোলে ব্রাজিলকে হারিয়ে
শিরোপা জিতেছিল। এর আগে ১৯৮২ সালে ইতালি বনাম পশ্চিম জার্মানির ফাইনালে স্কোরলাইন ৩-০
হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে শেষ মুহূর্তে পল ব্রাইটনারের এক গোলে ব্যবধান কমে
৩-১ দাঁড়ায়।
প্রথম ও ব্যতিক্রমী আসর: বিশ্বকাপের ইতিহাসের
একদম শুরুতে, ১৯৩০ সালে উরুগুয়ে আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই ৩-০ ব্যবধানে জিতেছিল
মার্কিন যুক্তরাষ্ট্র। বেলজিয়াম ও প্যারাগুয়ের বিপক্ষে সেই দাপুটে জয়গুলো আজও স্মরণীয়।
অন্যদিকে, বিশ্বকাপের সব আসরে ৩-০ গোলের
দেখা মেলেনি। ১৯৩৪ (ইতালি), ১৯৫৪ (সুইজারল্যান্ড) এবং ১৯৯০ (ইতালি) সালের আসরগুলোতে
একটি ম্যাচও ৩-০ ব্যবধানে শেষ হয়নি। আসন্ন ২০২৬ বিশ্বকাপে এই স্কোরলাইনের তালিকায় নতুন
কোনো রোমাঞ্চ যোগ হয় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
বাংলাদেশের খবর/এম.আর

