Logo

খেলা

বাংলাদেশের স্পিন উইকেট বানানোর প্রয়োজন নেই: রব ওয়াল্টার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:৫৫

বাংলাদেশের স্পিন উইকেট বানানোর প্রয়োজন নেই:  রব ওয়াল্টার

কিউই কোচ রব ওয়াল্টার

সাদা বলের সিরিজ খেলতে গত মঙ্গলবার রাতেই পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলনে ঘাম ঝরিয়েছে সফরকারীরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন কিউই কোচ রব ওয়াল্টার। সেখানে তিনি স্বাগতিক বাংলাদেশের কন্ডিশন, উইকেট এবং টাইগারের পেস ইউনিট নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।

অতীতে ঘরের মাঠে সফরকারী দেশগুলোকে স্পিন ফাঁদে ফেলার রেকর্ড রয়েছে বাংলাদেশের। তবে রব ওয়াল্টার মনে করেন, বাংলাদেশের বর্তমান পেস বোলিং আক্রমণ এতটাই শক্তিশালী যে তাদের এখন আর শুধু স্পিন-সহায়ক উইকেটের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আমার মনে হয় বাংলাদেশ দলে বর্তমানে দারুণ কিছু পেসার রয়েছে। তাদের সামর্থ্য অনুযায়ী স্পিন উইকেট বানানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তবে শেষ পর্যন্ত উইকেট কেমন হবে তা আমাদের হাতে নেই। আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে এবং তা মাঠে কাজে লাগাতে হবে।

বাংলাদেশের কন্ডিশনে অভ্যস্ত হওয়া যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। এ প্রসঙ্গে কিউই কোচ বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবিলা করতেই হবে। এখানকার কন্ডিশন অবশ্যই আলাদা। আমাদের দলের বেশ কিছু খেলোয়াড় শ্রীলঙ্কায় দলের হয়ে খেলে এসেছে, তাই এই অঞ্চলের আবহাওয়া সম্পর্কে তাদের ধারণা আছে। প্রথম ম্যাচের আগে আমরা খুব বেশি সময় পাইনি, তবে যেটুকু পেয়েছি তা কাজে লাগানোর চেষ্টা করছি।

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের উদাহরণ টেনে তিনি বলেন, আমরা সাম্প্রতিক সিরিজের পিচ দেখেছি, যেখানে স্পিন ও পেসের চমৎকার লড়াই হয়েছে। আমরা সব ধরনের উইকেটের জন্যই নিজেদের প্রস্তুত রেখেছি।

নিউজিল্যান্ডের এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১১টায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে স্পোর্টিং উইকেটে খেলে সাফল্য পাওয়া বাংলাদেশ এবার কিউইদের বিপক্ষে কেমন উইকেট দেয়, এখন সেটিই দেখার বিষয়।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন