মেহেদী হাসান মিরাজ
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার। এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেখানে কেবল আসন্ন সিরিজ নয়, বরং ২০২৭ বিশ্বকাপকে কেন্দ্র করে নিজের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নেতৃত্বের দর্শন নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।
সিরিজের লক্ষ্য নিয়ে মিরাজ জানান, তারা
একবারে পুরো সিরিজ না ভেবে ‘ম্যাচ বাই ম্যাচ’ এগোতে চান। তিনি
বলেন, “শুরুটা আমাদের
জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনই বড় কোনো টার্গেট সেট করা ঠিক হবে না। আমাদের প্রথম লক্ষ্য
হলো কালকের ম্যাচটি জিতে সিরিজে শুভসূচনা করা।”
২০২৭ বিশ্বকাপ নিয়ে এক প্রশ্নের জবাবে
মিরাজ সরাসরি বলেন, “২০২৭ বিশ্বকাপ একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার।
লম্বা সময়ের জন্য একজন অধিনায়ক থাকলে একটি দল খুব ভালোভাবে গড়া সম্ভব। যদি অল্প সময়ের
জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, তবে দল গঠন করা কঠিন হয়ে পড়ে।” তিনি আরও যোগ
করেন, দীর্ঘমেয়াদী দায়িত্ব পেলে মানসিকভাবে খেলোয়াড়রা স্বাধীন থাকে এবং কন্ডিশন অনুযায়ী
পরিকল্পনা করা সহজ হয়।
বিসিবির বর্তমান অস্থিরতা বা মাঠের বাইরের
আলোচনা নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক পেশাদারিত্বের পরিচয় দেন। মিরাজ বলেন, “পেশাদার খেলোয়াড়
হিসেবে বাইরের কোনো আলোচনা আমাদের ওপর প্রভাব ফেলে না। আমাদের মূল কাজ হলো মাঠে পারফর্ম
করা। বাইরে কী হচ্ছে, তা নিয়ে আমরা একদমই ভাবছি না।”
তিনি আরও জানান, বিসিবি সভাপতি তামিম ইকবাল
দলের সঙ্গে কথা বলে তাদের অনুপ্রাণিত করেছেন।
নিউজিল্যান্ডের এই দলে অনেক তারকা ক্রিকেটার
না থাকলেও তাদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না মিরাজ।
তিনি বলেন, “নিউজিল্যান্ড
দলকে ছোট করে দেখার সুযোগ নেই। র্যাঙ্কিংয়ের উন্নতির জন্য এই সিরিজটি আমাদের জন্য
খুবই তাৎপর্যপূর্ণ। যদি সিরিজ জিততে পারি, তবে তা আমাদের জন্য বড় অর্জন হবে।”
২০২৩ বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ
করে মিরাজ বলেন, “২৩ বিশ্বকাপের আগে আমরা অনেক ম্যাচ জিতে
আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু মূল পর্বে ভালো করতে পারিনি। তাই এবার প্রসেস ঠিক রাখা
এবং আত্মবিশ্বাস ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।”
পাকিস্তানের বিপক্ষে গত সিরিজে স্পোর্টিং
উইকেটে খেলার অভিজ্ঞতা কিউইদের বিপক্ষেও কাজে লাগাতে চায় টিম বাংলাদেশ। এখন দেখার বিষয়,
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ১১টায় মিরাজ বাহিনী কতটা দাপট দেখাতে
পারে।
বাংলাদেশের খবর/ এম.আর

