বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী ফুটবলের সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি; আগের মতোই ১১২তম স্থানে রয়েছেন ঋতুপর্ণা-সাবিনারা। র্যাংকিং অপরিবর্তিত থাকলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট কিছুটা কমেছে।
ফিফার নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের
মোট পয়েন্ট ১১৬৬, যা আগের তুলনায় ২ পয়েন্ট কম। সম্প্রতি প্রথমবারের মতো এশিয়ান কাপে
অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। সেখানে চীনের বিপক্ষে হারলেও শক্তিমত্তার বিচারে ২.৪৪ রেটিং
পয়েন্ট যোগ হয়েছিল বাংলাদেশের ঝুলিতে। উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও যোগ
হয়েছিল ০.৩৯ পয়েন্ট। তবে উজবেকিস্তানের বিপক্ষে হার বড় ধাক্কা হয়ে দাঁড়ায়; ওই এক ম্যাচ
থেকেই বাংলাদেশের ৪.৮৭ পয়েন্ট কাটা গেছে। সব মিলিয়ে পয়েন্টের সামান্য অবনমন হলেও বৈশ্বিক
অবস্থানে তার প্রভাব পড়েনি।
বুধবার দুপুর ১টায় সাফের ঢাকা কার্যালয়ে
অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক ড্র। মঙ্গলবার প্রকাশিত ফিফা র্যাংকিংয়ের
ওপর ভিত্তি করেই দলগুলোকে বিভিন্ন পটে সাজানো হবে। দক্ষিণ এশিয়ায় বরাবরের মতোই এগিয়ে
রয়েছে ভারত (র্যাংকিং ৬৯) ও নেপাল (র্যাংকিং ৮৭)। বাকি দলগুলো র্যাংকিংয়ে বাংলাদেশের
চেয়ে পিছিয়ে থাকলেও ড্রয়ের সমীকরণ আসরের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
আগামী ২৫ মে ভারতের গোয়ায় পর্দা উঠবে সাফ
নারী টুর্নামেন্টের। বাংলাদেশের জন্য এবারের আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি
ঋতুপর্ণাদের জন্য ‘হ্যাটট্রিক শিরোপা’র মিশন। গত দুই
আসরে নেপালের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল
লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ভারতের মাটিতে সেই আধিপত্য বজায় রাখার চ্যালেঞ্জ সাবিনাদের
সামনে।
উল্লেখ্য, সাফ টুর্নামেন্টে দলগুলোর পারফরম্যান্সের
ওপর ভিত্তি করে আগামী ১৬ জুন ফিফা তাদের পরবর্তী র্যাংকিং প্রকাশ করবে। ভারতের মাটিতে
ভালো ফলাফল করতে পারলে র্যাংকিংয়ে বড় লাফ দেওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
বাংলাদেশের খবর/এম.আর

