Logo

খেলা

ফরাসি ওপেনে অনিশ্চয়তায় কার্লোস আলকারাজে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:২২

ফরাসি ওপেনে অনিশ্চয়তায় কার্লোস আলকারাজে

কার্লোস আলকারাজ

বর্তমান টেনিস বিশ্বের অন্যতম মহাতারকা এবং দুইবারের ফরাসি ওপেন জয়ী কার্লোস আলকারাজের জন্য আগামী কয়েক দিন হতে যাচ্ছে অত্যন্ত 'গুরুত্বপূর্ণ'। ডান হাতের কবজির চোটের কারণে তিনি আগামী মাসে শুরু হতে যাওয়া ফরাসি ওপেন থেকে ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আলকারাজ নিজেই জানিয়েছেন, আসন্ন মেডিকেল টেস্টের ফলাফলই তার রোলাঁ গারোতে খেলার ভাগ্য নির্ধারণ করবে।

গত সপ্তাহে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে জয়ের পর কবজিতে চোট পান বিশ্ব র‍্যাংকিংয়ের দুই নম্বর তারকা আলকারাজ। চোটের কারণে তিনি বার্সেলোনা ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন এবং আজ থেকে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেনেও অংশ নিতে পারছেন না। ৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই স্প্যানিশ তারকা চোটের ধরণ সম্পর্কে বলেন, "এই চোট আমাদের প্রত্যাশার চেয়েও বেশি গুরুতর।"

আগামী ২৪ মে থেকে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনের আগে হাতে সময় খুব বেশি নেই। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টিভিই- কে দেওয়া সাক্ষাৎকারে আলকারাজ বলেন, "আমরা সবকিছু করার চেষ্টা করছি যাতে কবজির পরীক্ষাটি ভালো আসে। আমি ধৈর্য ধরার চেষ্টা করছি। আগামী কয়েক দিনের পরীক্ষার ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমি অসুস্থ বা ফিট না হয়ে তড়িঘড়ি করে ফেরার চেয়ে একটু দেরিতে ফেরাকেই শ্রেয় মনে করি। ঈশ্বর চাইলে আমার সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। এই ফরাসি ওপেনের জন্য নিজেকে অতিরিক্ত চাপ দিলে সেটি ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে।"

চলতি মাসে মন্টে কার্লো ফাইনালের পর ইয়ানিক সিনারের কাছে বিশ্ব র‍্যাংকিংয়ের এক নম্বর স্থান হারান আলকারাজ। গত মৌসুমে মন্টে কার্লো, রোম এবং রোলাঁ গারোতে শিরোপা জয়ের পাশাপাশি বার্সেলোনা ওপেনের ফাইনালে খেলেছিলেন তিনি। এবার চোটের কারণে এই টুর্নামেন্টগুলো মিস করলে র‍্যাংকিংয়ে সিনারের চেয়ে আরও অনেকটা পিছিয়ে পড়বেন আলকারাজ।

টেনিস প্রেমীরা এখন অধীর আগ্রহে আলকারাজের মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছেন। কারণ মাটির কোর্টের এই আসরে আলকারাজের অনুপস্থিতি টুর্নামেন্টের উত্তেজনা অনেকটাই কমিয়ে দিতে পারে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন