রানবন্যা আর রোমাঞ্চে শুরু হলো বাংলা হান্ড্রেড ক্রিকেট লীগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৩৩
ছবি: সংগৃহীত
নতুন ফরম্যাট আর জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল)। উদ্বোধনী দিনেই দেখা মিলেছে রানবন্যা, একতরফা জয় আর টানটান উত্তেজনার। দিনের তিন ম্যাচে দাপট দেখিয়েছে চট্টগ্রাম কিংস, ঢাকা পাওয়ার ব্লেজার্স ও রংপুর রেইডার্স।
প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংস ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। নির্ধারিত ১০০ বলে তারা তোলে ১৯৯/৭—দিনের সর্বোচ্চ স্কোর। জবাবে ব্যাট করতে নেমে খুলনা ফাইটার্স শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি। নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ৫৬ বলেই ৭০ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ১২৯ রানের বিশাল জয় পায় চট্টগ্রাম কিংস।
দ্বিতীয় ম্যাচে ঢাকা পাওয়ার ব্লেজার্স ও কুমিল্লা সুপার স্টারসের লড়াই ছিল তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমে ব্যাট করে ব্লেজার্স ৯২ বলে ১২৯ রানে অলআউট হয়। লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লা সুপার স্টারস লড়াই চালিয়ে গেলেও নির্ধারিত ১০০ বলে ১১১/৮ রানে থামে তাদের ইনিংস। এতে ১৮ রানের জয় নিশ্চিত করে ঢাকা পাওয়ার ব্লেজার্স।
দিনের শেষ ম্যাচে রংপুর রেইডার্স দেখায় পরিপক্বতার ছাপ। প্রথমে ব্যাট করে ময়মনসিংহ জায়ান্টস ১০০ বলে ১২৩ রানে অলআউট হয়। জবাবে রংপুর রেইডার্স ধীরে-সুস্থে ইনিংস গড়ে তোলে এবং ৯৫ বলেই ১২৮/৫ করে ৫ উইকেটের জয় তুলে নেয়।
প্রথম দিনেই অস্ট্রেলিয়ার সিডিনীতে শুরু হওয়া বাংলাদেশ হান্ড্রেড ক্রিকেট লীগ প্রমাণ করেছে, এই লিগে প্রতিটি ম্যাচই হতে পারে রোমাঞ্চে ভরপুর। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে কোন দল ধরে রাখতে পারে এই জয়ের ধারা।
বাংলাদেশের খবর/আরইউ

