Logo

খেলা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে অষ্টম স্থানে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৯:৫৭

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে অষ্টম স্থানে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বড় এক সুখবর পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এক ধাপ উন্নতি হয়েছে টাইগারদের। অন্যদিকে, শীর্ষস্থান অক্ষুণ্ন রেখে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি বছরের মে মাসে বার্ষিক হালনাগাদ করা হয়। এবারের হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের (২০২৩ ও ২০২৪) ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। এই নতুন পয়েন্ট সমীকরণে বাংলাদেশের ঝুলিতে ১ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। ফলে মোট ২২৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বর থেকে আটে উঠে এসেছে বাংলাদেশ। বিপরীতে বড় ধাক্কা খেয়েছে লঙ্কানরা। ৬ পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা ২২১ পয়েন্ট নিয়ে নেমে গেছে ৯ নম্বরে। লঙ্কানদের ঠিক পেছনেই ২২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে আফগানিস্তান। অর্থাৎ, পয়েন্টের ব্যবধান এতটাই কম যে আগামী সিরিজগুলোতে ভালো না করলে লঙ্কানদের আরও নিচে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ভারত এক অজেয় শক্তিতে পরিণত হয়েছে। বার্ষিক হালনাগাদেও এর প্রতিফলন দেখা গেছে। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ভারত তাদের শীর্ষস্থানটি বেশ মজবুতভাবে ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২ এবং ২৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের উন্নতি ছাড়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সেরা সাতে থাকা দলগুলোর- নিউজিল্যান্ড ২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ, দক্ষিণ আফ্রিকা ২৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম, পাকিস্তান ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ আর ওয়েস্ট ইন্ডিজ ২৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম। এবারের হালনাগাদে সবচেয়ে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। ৬ পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে তারা। এই অগ্রগতির পথে তারা নেদারল্যান্ডস (১৪তম) ও স্কটল্যান্ডকে (১৫তম) পেছনে ফেলেছে। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে ১১তম ও ১২তম স্থানে অপরিবর্তিত রয়েছে।

সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি থাকায় এই র‍্যাঙ্কিং বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে এবং দেশের বাইরে সিরিজ জয়ের সাফল্য টাইগারদের এই অবস্থানে তুলে এনেছে।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, বোলিং ইউনিটের দারুণ ফর্ম এবং টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং বজায় থাকলে বাংলাদেশ দ্রুতই সেরা ছয়ে ঢুকে পড়ার সামর্থ্য রাখে। আইসিসি র‍্যাঙ্কিংয়ের এই পরিবর্তন কেবল গাণিতিক হিসাব নয়, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের টপকে যাওয়া টাইগারদের জন্য বড় এক মানসিক জয় হিসেবেই দেখা হচ্ছে।

 

বাংলাদেশর খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন