সাফ নারী ফুটবল
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে দল ঘোষণা করল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ২১:১৮
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের রাজত্ব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে আবারও মাঠে নামছে বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের গত দুই আসরের অপরাজিত চ্যাম্পিয়নরা এবার ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে বুধবার দল ঘোষণা করেছে। তবে ঘোষিত এই দলে বড় চমক হিসেবে নেই গত দুই আসরের সফল অধিনায়ক সাবিনা খাতুনসহ বেশ কয়েকজন অভিজ্ঞ মুখ। তরুণদের ওপর আস্থা রেখে আফঈদা খন্দকারকে অধিনায়ক করে নতুন এক যুগের সূচনা করতে যাচ্ছে বাফুফে।
২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে
নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফের মুকুট পরেছিল বাংলাদেশ। এরপর ২০২৪ সালেও একই
প্রতিপক্ষকে ২-১ ব্যবধানে হারিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখে ঋতুপর্ণা-মনিকারা। এবার টানা
তৃতীয়বারের মতো শিরোপা জিতে হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে ভারতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে বলেন,
“আমাদের একমাত্র
লক্ষ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ঘোষিত এই স্কোয়াড নিয়ে ফুটবল পাড়ায় আলোচনার
শেষ নেই। দলের সবচেয়ে বড় অনুপস্থিতি দীর্ঘদিনের অধিনায়ক সাবিনা খাতুন। কোচ জেমস পিটার
বাটলারের সঙ্গে দূরত্বের গুঞ্জন এবং পারফরম্যান্সের দোহাই দিয়ে সাবিনা ছাড়াও দল থেকে
বাদ পড়েছেন কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও সুমাইয়া। এছাড়াও বাদ
পড়েছেন মিডফিল্ডার স্বপ্না রাণী ও মুনকি আক্তার। ইনজুরির কারণে দলে নেই নবীরন। অভিজ্ঞদের
ভিড়ে নতুনদের মধ্যে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ায় খেলা সুইডেন প্রবাসী আনিকা রানিয়া
সিদ্দিকী। এছাড়া আক্রমণভাগে ভরসা হয়ে থাকছেন সাগরিকা ও তহুরা খাতুন। অধিনায়কত্বের গুরুদায়িত্ব
পালন করবেন রক্ষণভাগের অতন্দ্র প্রহরী আফঈদা খন্দকার।
সাফের চূড়ান্ত লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে
নিতে বিশেষ প্রস্তুতির পরিকল্পনা করেছে বাফুফে। দল আজ থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে
রওনা হবে। সেখানে দুই সপ্তাহের নিবিড় কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি থাইল্যান্ডের
দুটি ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। থাইল্যান্ড থেকে সরাসরি
ভারতের গোয়ায় টুর্নামেন্ট খেলতে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে
দক্ষিণ এশিয়ার ৬টি দেশ। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী শক্তিশালী
ভারত ও মালদ্বীপ। ২৫ মে ভারতের গোয়ায় টুর্নামেন্টের পর্দা উঠবে, ২৮ মে মালদ্বীপের বিপক্ষে
প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী
ভারতের মুখোমুখি হবে হ্যাটট্রিক প্রত্যাশীরা। দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি খেলবে
সেমিফাইনালে। আগামী ৬ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল মহাযজ্ঞের।
২০২২ সালের সেই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের
নারী ফুটবল অনেক বদলে গেছে। বয়সভিত্তিক পর্যায়ে একের পর এক সাফল্য এবং প্রথমবারের মতো
এশিয়ান কাপের মূল পর্বে খেলার অভিজ্ঞতা আত্মবিশ্বাস জুগিয়েছে সাগরিকা, ঋতুপর্ণাদের।
যদিও অভিজ্ঞ সাবিনাদের ছাড়াই এই মিশন কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, তবে
কোচ বাটলার তরুণ ও গতিশীল ফুটবলের ওপরই বাজি ধরেছেন।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ
দল: আফঈদা খন্দকার (অধিনায়ক), রূপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার,
মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকা, স্বর্ণা রানী, হালিমা আক্তার, শিউলি আজিম,
সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, শামসুন্নাহার জুনিয়র, উন্নতি খাতুন,
অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, তহুরা খাতুন, আনিকা
রানিয়া সিদ্দিকী ও সৌরভী আকন্দ প্রীতি।
বাংলাদেশের খবর/এম.আর

