বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিনের হাহাকার ছিল একজন খাঁটি ‘এক্স-ফ্যাক্টর’ পেসারের জন্য, যিনি ১৫০ কিলোমিটার গতিতে বল করে ব্যাটারদের চোখে ধাঁধা লাগিয়ে দিবে। সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন নাহিদ রানা। আর সেই গতির স্বীকৃতি মিলল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে।
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের রোমাঞ্চকর লড়াইয়ের মাঝেই বাংলাদেশ শিবিরে এল বড় এক সুখবর। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের (আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ) সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন নাহিদ রানা।
এপ্রিল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের
বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেছিলেন ২৩ বছর বয়সী এই পেসার।
তিন ম্যাচের সিরিজে মাত্র ৩.৫০ ইকোনমি রেটে শিকার করেছেন ৮টি উইকেট। গতির পাশাপাশি
দুর্দান্ত লাইন-লেন্থে কিউই ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছেড়েছিলেন তিনি। বিশেষ করে মিরপুরের
শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানার বিধ্বংসী বোলিং আজীবন মনে রাখবে
ভক্তরা।
সেদিন মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে
দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তার এই ‘ফাইফার’ এর ওপর ভর করেই বাংলাদেশ ৫৫ রানের
বিশাল জয় পায়। পরবর্তীতে চট্টগ্রামেও ধারাবাহিকতা ধরে রেখে ২ উইকেট নেন তিনি। ফলস্বরূপ
২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ এবং রানা জিতে নেন সিরিজসেরার
পুরস্কার।
নাহিদ রানা আইসিসির মাসসেরা হওয়ার লড়াইয়ে পাশে পাচ্ছেন আরও দুই উদীয়মান ক্রিকেটারকে। রানার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন ওমানের অভিজ্ঞ ব্যাটার জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমার। এর মধ্যে জতিন্দর সিং আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ এ দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। এপ্রিল মাসে খেলা ৫ ওয়ানডে ম্যাচে ২৬৬ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।
বিশেষ করে নেপালের বিপক্ষে
৯৬ বলে ১৩০ রানের ইনিংসটি তাকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রেখেছে আর অজয় কুমার নতুন পেসার
নিজের প্রথম দুই ওয়ানডেতেই শিকার করেছেন ৯টি উইকেট। ওমানের বিপক্ষে মাত্র ৩৫ রানে ৬
উইকেট নিয়ে ওমানকে একাই গুঁড়িয়ে দিয়ে বিশ্ব ক্রিকেটের নজরে আসেন তিনি।
আইসিসি একইসঙ্গে নারী ক্রিকেটেরও এপ্রিল
মাসের মনোনয়ন প্রকাশ করেছে। সেখানে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ইমেশা
দুলানি, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং ব্রাজিলের লরা কার্ডোসা। শ্রীলঙ্কার ইমেশা
দুলানি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করে সিরিজসেরা
হয়েছিলেন। অন্যদিকে, ব্রাজিলের লরা কার্ডোসা একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৯
উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
বাংলাদেশের খবর/এম.আর

