Logo

খেলা

ফিরে দেখা

ফিফা বিশ্বকাপে ২৬ নম্বর জার্সির অনন্য ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ২০:৫৩

ফিফা বিশ্বকাপে ২৬ নম্বর জার্সির অনন্য ইতিহাস

২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র ২৫ দিন। মাঠের মহাযুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’ প্রতিদিন একটি করে আকর্ষণীয় ও ঐতিহাসিক পরিসংখ্যানের গল্প নিয়ে বিশেষ কাউন্টডাউন শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আজ ২৬ নম্বর জার্সি ও বিশ্বকাপের গোলদাতাদের জার্সি নম্বর নিয়ে এক দারুণ পরিসংখ্যান প্রকাশ করেছে সংস্থাটি।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ১ থেকে ২৬—প্রতিটি জার্সি নম্বর পরেই অন্তত একটি করে গোল করার অনন্য নজির তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে ১ নম্বর জার্সিটি গোলরক্ষকদের জন্য বরাদ্দ থাকলেও এই জার্সি পরে গোল করার একটি ব্যতিক্রমী ইতিহাস রয়েছে। বিশ্বকাপের ইতিহাসে কোনো গোলরক্ষক কখনো গোল করতে না পারলেও ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডার ওসভালদো আরদিলিস ১ নম্বর জার্সি পরে হাঙ্গেরির বিপক্ষে গোল করেছিলেন। আসলে সেই সময়ে আর্জেন্টিনা দল বর্ণানুক্রমিকভাবে (নামের প্রথম অক্ষর অনুযায়ী) খেলোয়াড়দের স্কোয়াড নম্বর বণ্টন করেছিল। যার ফলে তাদের প্রথম পছন্দের গোলরক্ষক উবালদো ফিলোল পরেছিলেন ৭ নম্বর জার্সি। তবে সেই নিয়মে একমাত্র ব্যতিক্রম ছিলেন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা, যাঁর জন্য তাঁর পছন্দের ১০ নম্বর জার্সিটি বরাদ্দ রাখা হয়েছিল।

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপের স্কোয়াডের আকারও বৃদ্ধি পেয়েছে। ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপে স্কোয়াডের সদস্য সংখ্যা ২২ থেকে বাড়িয়ে ২৩ জন করা হয়। আর গত ২০২২ সালের কাতার বিশ্বকাপে স্কোয়াডের পরিধি দাঁড়ায় ২৬ জনে। স্কোয়াড বড় হওয়ার এই নিয়মে জার্সি নম্বরের তালিকায় যুক্ত হওয়া নতুন নম্বরগুলো থেকেও গোল পেতে বেশি সময় লাগেনি। ২০০২ বিশ্বকাপে প্যারাগুয়ের নেলসন কুয়েভাস ২৩ নম্বর জার্সি পরে প্রথম গোলদাতার কৃতিত্ব অর্জন করেন। এরপর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ ২৪ নম্বর, জাপানের দাইজেন মায়েদা ২৫ নম্বর এবং পর্তুগালের গনসালো রামোস ২৬ নম্বর জার্সি পরে গোল করে নিজ নিজ জার্সি নম্বরের খাতা খোলেন।

বিশ্বকাপের ইতিহাসে গোল করার দিক থেকে সবচেয়ে সফল ও বেশি গোল পাওয়া জার্সি গুলো হলো ৮ নম্বর জার্সি (১৫৮টি গোল), ৭ নম্বর জার্সি (১৭৯টি গোল), ১১ নম্বর জার্সি (২৩৫টি গোল), ১০ নম্বর জার্সি (৩১৫টি গোল) এবং ৯ নম্বর জার্সি ( ৩২২টি গোল যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ)। পরিসংখ্যান অনুযায়ী, স্ট্রাইকারদের প্রিয় ৯ নম্বর’ জার্সি পরেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ৩২২টি গোল এসেছে। এর ঠিক পরেই রয়েছে কিংবদন্তিদের ১০ নম্বর’ জার্সি। ২৬ দিনের এই ক্ষণগণনায় জার্সি নম্বরের এই গোল-ইতিহাস ফুটবলপ্রেমীদের মাঝে বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন