Logo

খেলা

পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৫:৫৮

পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেট টেস্টে দারুণভাবে ফিরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩২ রানে গুটিয়ে দিয়ে লিড নিয়েছে বাংলাদেশ। শুরুতে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি পাকিস্তান। বল হাতে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণেই ম্যাচের লাগাম এখন স্বাগতিকদের হাতে।

রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় সেশনের শুরুতে অলআউট হয় পাকিস্তান। 

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৭৮ রান। অর্থাৎ ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে টিম টাইগার্স। মিরপুরে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছে ১০৪ রানে। ঘরের মাঠে এটাই ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এবার সিরিজ জয়ের মিশন টাইগারদের।

আজ দিনের প্রথম দুই সেশনে ৪টি করে পাকিস্তানের মোট ৮টি উইকেট তুলে বাংলাদেশ। সফরকারীরা চা-বিরতিতে যায় ২০৬ রানের সংগ্রহ নিয়ে। দ্বিতীয় সকালে দাপট দেখান তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ। তাদের গতি আর স্পিনে এলোমেলো হয়ে যায় পাকিস্তানের টপ-অর্ডার। ৭৯ রানে হারায় ৪ উইকেট। মিডল অর্ডারে বাবর আজম এবং সালমান আলী আঘা গড়ে তুলেন প্রতিরোধ। দুজনের জুটিতে আসে ৬৩ রান।

বাবরকে থামান নাহিদ রানা। দলীয় ১৪২ এবং ব্যক্তিগত ৬৮ রানে আউট হন তিনি। টেস্টে এটা তার ৩১তম হাফ সেঞ্চুরি। খানিকবাদেই সালমানের (২১) উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। টাইগার স্পিনারের স্পিনেই পতন হয় পাকিস্তানের পরের দুই উইকেটের। একে একে আউট হন- মোহাম্মদ রিজওয়ান (১৩) এবং হাসান আলী (১৮)।

সাজিদ খান এবং খুররাম শেহজাদের ব্যাটে তৃতীয় সেশন শুরু করে পাকিস্তান। দুজনকেই শিকার বানান নাহিদ। সাজিদ ৩৮ এবং খুররাম ১০ রানে আউট হন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন