মোহাম্মদ সালাহ
আগামী মাসে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। লিভারপুলের মহাতারকা মোহাম্মদ সালাহকে অধিনায়ক করে ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে খেলা অনভিষিক্ত তরুণ স্ট্রাইকার হামজা আবদেলকারিম। তবে ফর্মহীনতার কারণে দল থেকে সম্পূর্ণ বাদ পড়েছেন ফরাসি ক্লাব নঁতের অভিজ্ঞ ফরোয়ার্ড মোস্তফা মোহাম্মদ, যা মিশরের ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
মিশরের প্রধান কোচ হোসাম হাসান এক সংবাদ
সম্মেলনে এই প্রাথমিক দল ঘোষণা করেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র,
কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই ফুটবল মহাযজ্ঞে মিশরের আক্রমণভাগ সামলানোর মূল
দায়িত্ব থাকবে লিভারপুলের ‘তিলিসমা’ মোহাম্মদ সালাহ এবং ম্যানচেস্টার সিটির তারকা ওমার মারমুশের
ওপর। সালাহ এই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে মিশর দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন।
কোচ হোসাম হাসান জানিয়েছেন, আগামী ২৮ মে
কায়রোতে রাশিয়ার বিরুদ্ধে মিশরের সর্বশেষ হোম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ফিফার
নিয়ম অনুযায়ী স্কোয়াড থেকে একজন খেলোয়াড়কে বাদ দিয়ে চূড়ান্ত ২৬ সদস্যের দল নিয়ে যুক্তরাষ্ট্রে
রওনা হবে ‘ফারাও’রা।
চলতি মৌসুমে ফরাসি ক্লাব নঁতের হয়ে ২৪
ম্যাচে মাত্র ৪ গোল করা এবং দল লিগ ওয়ান থেকে রেলিগেটেড (অবনমন) হওয়ায় ফরোয়ার্ড মোস্তফা
মোহাম্মদের বাদ পড়াটা অনুমেয় হলেও ভক্তদের কাছে এটি বড় ধাক্কা। অন্যদিকে, বার্সেলোনার
যুব দলে দুর্দান্ত ফর্মে থাকা তরুণ হামজা আবদেলকারিমকে মিশরের ফুটবল ইতিহাসের অন্যতম
সেরা প্রতিভা মনে করা হচ্ছে, যার ওপর ভরসা রেখেছেন কোচ। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে
আগামী ৬ জুন ক্লিনল্যান্ডে ব্রাজিলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিশর। এরপর
১৫ জুন সিয়াটলে শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ
অভিযান। গ্রুপ ‘জি’ তে মিশরের
বাকি দুটি ম্যাচ খেলবে ২১ জুন ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে
ইরানের বিপক্ষে।
মিশর স্কোয়াড (২৭ সদস্যের প্রাথমিক দল):
গোলরক্ষক- মোহাম্মদ এল শেনাউই, মোস্তফা শোবেইরি, এল মাহদি সোলাইমান, মোহাম্মদ আলা।
ডিফেন্ডার- মোহাম্মদ হ্যানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম,
হোসাম আবদেলমাগুইদ, মোহাম্মদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, করিম হাফেজ। মিডফিল্ডার- মারওয়ান
আতেয়া, মোহনাদ লাশিন, নাবিল ইমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তফা জিকো,
মাহমুদ ত্রেজেগুয়েত, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান। ফরোয়ার্ড- ওমার মারমুশ, মোহাম্মদ
সালাহ (অধিনায়ক), আকতাই আবদুল্লাহ, হামজা আবদেলকারিম।
বাংলাদেশের খবর/এম.আর

