ছবি: সংগৃহীত
দোড়গোড়ায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবলের এ মহাযজ্ঞ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে বড় স্বস্তির খবর পেয়েছে ইরান। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দলটির খেলোয়াড় ও প্রয়োজনীয় কর্মকর্তাদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা অনুমোদন করেছে মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ভিসা ইতোমধ্যে ইস্যু করা হয়েছে। ফলে আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না ইরানের।
তবে ভিসা অনুমোদনের পাশাপাশি মার্কিন প্রশাসন কড়া বার্তাও দিয়েছে। তাদের ভাষ্য, ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ নিয়ে কেউ যেন ভিন্ন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখা হবে।
বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। চলতি বছর প্রথমবারের মতো এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনায় থাকা একটি দেশের জাতীয় দল বিশ্বকাপ খেলতে দেশটিতে প্রবেশ করছে।
ভিসা জটিলতার কারণে গত মাসে ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোতে নিয়ে যায়। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ তখন জানিয়েছিলেন, ভিসা সংক্রান্ত সমস্যাই ছিল এ সিদ্ধান্তের মূল কারণ।
কয়েকদিন আগেও ইরানের কোচিং ও প্রশাসনিক দলের কিছু সদস্য ভিসা না পাওয়ায় শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই জটিলতা কাটিয়ে বিশ্বকাপ যাত্রার সবুজ সংকেত পেল দলটি।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে।
বাংলাদেশের খবর/আরইউ

