Logo

খেলা

মিশরের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির যত রেকর্ড

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৬:০০

মিশরের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির যত রেকর্ড

ছবি: সংগৃহীত

মিশরের বিপক্ষে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচটি লিওনেল মেসির ক্যারিয়ারে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথমার্ধে পেনাল্টি মিসের হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে যে অবিশ্বাস্য প্রত্যাবর্তন তিনি দেখালেন, তা কেবল জয়ের আনন্দই বয়ে আনেনি, বরং ফুটবল ইতিহাসের পাতায় আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে গেছে নতুন এক উচ্চতায়।

যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিশরের বিপক্ষে গড়া মেসির সেই রেকর্ডগুলো দেখে নেওয়া যাক:

সর্বোচ্চ গোলদাতা: মিশরের জালে বল জড়িয়ে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ২১টি। তিনি এককভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটি আরও সুসংহত করলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের গোলসংখ্যা ১৯টি।

অ্যাসিস্টের নতুন রেকর্ড: ক্রিস্তিয়ান রোমেরোর গোলটিতে সহায়তার মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট এখন ৯টি। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন স্বদেশি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ৮ অ্যাসিস্টের রেকর্ডকে।

গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে: ২০২৬ বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ৮টি। ৭ গোল করা আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে তিনি এখন গোল্ডেন বুটের তালিকার শীর্ষে।

স্বদেশি স্তাবিলের রেকর্ডে ভাগ: ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের গড়া এক আসরে ৮ গোলের আর্জেন্টিনার সর্বোচ্চ রেকর্ডের পাশে এখন মেসির নাম।

টানা ৯ ম্যাচে গোল: কাতার বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টানা ৯টি ম্যাচে গোল করে মেসি এক অনন্য রেকর্ড গড়েছেন। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে এবং এবার মিসর—সবাইকেই তিনি পেয়েছেন গোল করার তালিকায়।

নকআউট পর্বে নতুন রেকর্ড: বিশ্বকাপের নকআউট পর্বে টানা ৬টি ম্যাচে গোল করার নজির গড়েছেন মেসি। এর আগে ব্রাজিলের লিওনিদাস দা সিলভা, ভাভা এবং হাঙ্গেরির জর্জ সারোসির টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ড ছিল। মেসি সেই দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালেন।

৩৫-উর্ধ্ব ম্যাজিক: ৩৫ বছর বয়সের পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৫টি, যা আর কোনো ফুটবলারের নেই।

সবচেয়ে বেশি বয়সে গোল ও অ্যাসিস্ট: মিশরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি গড়া খেলোয়াড় হলেন। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনের নিলস লিডহোম এই রেকর্ড গড়েছিলেন।

এক আসরে দুই পেনাল্টি মিস: বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় হলেন মেসি। মিশরের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও পেনাল্টি গোল করতে পারেননি তিনি। ছয় বিশ্বকাপ খেলে মোট ৮টি পেনাল্টির মধ্যে ৪টিই মিস করলেন মেসি।

প্রসঙ্গত, ৩৯ বছর বয়সে এসেও যেভাবে মাঠে নিজের দাপট ধরে রেখেছেন মেসি, তাতে ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—তার রেকর্ডের ঝুলিতে শেষ পর্যন্ত আর কী কী বাকি থাকবে? আগামী ১২ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মেসি কি আরও কোনো নতুন ইতিহাস গড়বেন? অপেক্ষায়  বিশ্ব।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন