ছবি: সংগৃহীত
গত কয়েক বছরে একের পর এক সাফল্যে নিজেদের অন্যরকমভাবে রাঙিয়েছে আর্জেন্টিনা। ফাইনালের মঞ্চ তো তাদের খুবই চেনা। শিরোপাও ছুঁয়েছে একাধিকবার। তবু সাফল্যের ক্ষুধা কমেনি তাদের। কোচ লিওনেল স্কালোনি যেমন বলছেন, আরও একটি ফাইনালে খেলার তাড়না তাদের তীব্র। সেমি-ফাইনাল জিতে তারা উপহার দিতে চান দেশের মানুষকে।
টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলা থেকে স্রেফ একটি ধাপ দূরে এখন আর্জেন্টিনা। সেমি-ফাইনালে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেই ১৯৬৬ বিশ্বকাপের শিরোপা জয়ের পর আর কখনও ফাইনালের মঞ্চে পৌঁছতে পারেনি ইংলিশরা। আর্জেন্টিনার জন্য সেই মঞ্চ খুবই চেনা। গত বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা, টানা দুবার জিতেছে কোপা আমেরিকা। এর মধ্যে জিতেছে ইতালির বিপক্ষে ফিনালিস্সিমাও।
তার পরও আরেকটি ফাইনালে খেলার আবেদন কমে যায়নি আর্জেন্টিনার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি বললেন, অভিজ্ঞতার ভেলায় তারা আরেকটি ফাইনালের তীর ছুঁতে চান।
তিনি বলেন, এই ধরনের ম্যাচ খেলার কিছুটা অভিজ্ঞতা আমাদের আছে। এটা সেভাবে সত্যিকারের কোনো সুবিধা দেয় না বটে, তবে সম্ভবত এটি আরও কিছুটা শান্তভাবে মাঠে নামতে সাহায্য করে এবং এটা এমন কিছু, যা আমরা অর্জন করেছি। আমরা আনন্দিত, সন্তুষ্ট, উদ্বিগ্ন, রোমাঞ্চিত এবং আমরা আমাদের জনগণের সাথে উদযাপন করতে চাই। আমরা তাদেরকে এই আনন্দ দিতে চাই যে, তাদের জাতীয় মাঠে নেমে মানপ্রাণ উজাড় করে দিয়ে খেলছে।
ফাইনালে ওঠার পথে নকআউট পর্বে প্রতি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। তবে তাদের প্রতিপক্ষ তিন দল কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ড সেভাবে বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত ও বড় শক্তি নয়। প্রথাগত শক্তিশালী দলগুলোকে বিবেচনায় নিলে, সেমি-ফাইনালেই প্রথম শক্ত বাধার সামনে পড়তে হচ্ছে স্কালোনির দলকে।
ইংলিশদের প্রতি সেই সমীহ আছে আছে আর্জেন্টিনা কোচের। তবে উপভোগের মন্ত্রে ম্যাচ জয়ের ছক কষছেন তিনি।
স্কালোনি বলেন, আমাদের প্রতিপক্ষ স্বাভাবিকভাবেই একটি দুর্দান্ত দল। কোনো কিছুই সহজ হবে না। কিছুই এমনি এমনি পাওয়া যাবে না। সেটা আমরা জানি এবং চেষ্টা করব ফাইনালে পৌঁছানোর। চেষ্টা করব, মাঠে নেমে খেলাটি উপভোগ করতে।
বাংলাদেশের খবর/আরইউ

