চলমান ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু নতুন বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণই করবে না, ফুটবল ইতিহাসেও যোগ করবে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে চ্যাম্পিয়নশিপ রিং প্রদান করবে ফিফা।
যুক্তরাষ্ট্রের এনবিএ ও এনএফএল এর মতো জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতার ঐতিহ্য এবার জায়গা করে নিচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসরেও।
ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে তৈরি করা হয়েছে ২,০২৬টি নম্বরযুক্ত স্মারক আংটি। এর মধ্যে ৩০টি আংটি সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১,৯৯৬টি আংটি বিশ্বজুড়ে সমর্থকদের জন্য সীমিত সংস্করণের অফিসিয়াল মার্চেন্ডাইজ হিসেবে বিক্রি করা হবে।
চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত আংটিগুলো ফাইনালের পর একটি বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। তার আগে প্রতিটি আংটির নকশায় বিজয়ী দলের পরিচয় যুক্ত করে চূড়ান্ত রূপ দেওয়া হবে। এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতীক, আর অন্য পাশে খোদাই করা হবে চ্যাম্পিয়ন দলের নাম ও পরিচয়।
তবে ফাইনাল শেষে মাঠের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই এই নতুন ঐতিহ্যের সূচনা হবে। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বিজয়ী দলের অধিনায়ক ও কোচকে প্রতীকীভাবে দুটি চ্যাম্পিয়নশিপ রিং পরিয়ে দেওয়া হবে। পরে দলের অন্য সদস্যদের জন্য নির্ধারিত আংটিগুলো পৃথক অনুষ্ঠানে হস্তান্তর করা হবে।
বাংলাদেশের খবর/এইচআর

