Logo

খেলা

ইউএস ওপেন থেকেও ছিটকে গেলেন এমা রাডুকানু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২১:০০

ইউএস ওপেন থেকেও ছিটকে গেলেন এমা রাডুকানু

ইনজুরির পিছু ছাড়ছে না ব্রিটিশ টেনিস তারকা এমা রাডুকানুর। ডান পায়ের হাড়ের চোট বা স্ট্রেস ফ্র্যাকচার’-এর কারণে আসন্ন ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন ২৩ বছর বয়সী সাবেক এই চ্যাম্পিয়ন। ঘাসের কোর্টের মৌসুমে পাওয়া এই চোটের কারণে তিনি এর আগে উইম্বলডনেও অংশ নিতে পারেননি।

মেডিকেল টিমের সঙ্গে দীর্ঘ পর্যালোচনার পর রাডুকানু ও তার দল সিদ্ধান্ত নেয় যে, নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে খেলা তার পক্ষে সম্ভব নয়। সম্প্রতি পায়ে প্রতিরক্ষামূলক বুট (প্রোটেকটিভ বুট) পরে হালকা অনুশীলন শুরু করলেও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় এই কষ্টদায়ক সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

২০২১ সালে ইতিহাস গড়ে বাছাইপর্ব টপকে মাত্র ১৮ বছর বয়সে ইউএস ওপেন জয় করেছিলেন রাডুকানু। তবে শিরোপা জয়ের পর থেকে ইনজুরি ও শারীরিক অসুস্থতা যেন তার নিত্যসঙ্গী। বিগত ১২ মাস তার জন্য ছিল অত্যন্ত হতাশাজনক।

বছরের শুরুতে পায়ের ইনজুরির কারণে তার প্রাক-মৌসুম প্রস্তুতি বাধাগ্রস্ত হয়। এরপর ফেব্রুয়ারির শুরুতে ভাইরাসজনিত অসুস্থতার কারণে আড়াই মাসেরও বেশি সময় কোর্টের বাইরে থাকতে হয় তাকে। ক্লে-কোর্ট মৌসুমের শেষভাগে তিনি পুনরায় কোর্টে ফেরেন এবং ২০২১ সালের ইউএস ওপেন জয়ী কোচ অ্যান্ড্রু রিচার্ডসনকে নতুন করে নিয়োগ দেন।

গত জুনে লন্ডনের কুইন্স ক্লাবে দুর্দান্ত খেলে ফাইনাল পর্যন্ত পৌঁছান রাডুকানু, যা ছিল ২০২১ সালের পর তাঁর সেরা সাফল্যগুলোর একটি। কিন্তু কুইন্স ক্লাবের সেই পরিশ্রমই তাঁর পায়ের পুরনো চোটকে বাড়িয়ে দেয় এবং গ্রেড ৪’ স্ট্রেস ফ্র্যাকচারে রূপ নেয়।

ইউএস ওপেন হাতছাড়া হওয়ায় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের পতনের মুখে পড়তে যাচ্ছেন বর্তমানে ৪৯ নম্বর স্থানে থাকা রাডুকানু। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিলি জিন কিং কাপের জন্য ঘোষিত গ্রেট ব্রিটেন দলেও তাঁকে রাখা হয়নি।

ফলে ২০২৬ সালের বাকি সময়ে তিনি আর কোর্টে ফিরতে পারবেন কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এত প্রতিকূলতার মধ্যেও নিজের মনোবল শক্ত রাখার চেষ্টা করছেন এই ব্রিটিশ তারকা।

সম্প্রতি সুইজারল্যান্ডে ছুটি কাটানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি একে তার জীবনের সেরা রিসেট বা নতুন সূচনা” বলে আখ্যা দিয়েছেন।

তবে পাঁচ বছর আগে যে নিউ ইয়র্কের হার্ডকোর্টে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন, আবারও সেখানে খেলতে না পারার যন্ত্রণা স্বাভাবিকভাবেই পোড়াচ্ছে এমা রাডুকানুকে।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন