Logo

খেলা

ইনফান্তিনোকে সমর্থন দিতে নারাজ নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ২০:৫৫

ইনফান্তিনোকে সমর্থন দিতে নারাজ নিউজিল্যান্ড

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে গভীর সংকট। ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বা কমার্শিয়াল রাইটসের অংশীদারিত্ব ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার স্থগিত পরিকল্পনার জেরে এবার ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে নিউজিল্যান্ড ফুটবল।

নিজ মহাদেশীয় সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশন ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন বজায় রাখলেও, তাদের সিদ্ধান্ত ভেঙে নিউজিল্যান্ড এই পদক্ষেপ নিল।

বিশ্বকাপ প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ থ্রাইভ ক্যাপিটাল নামক একটি মার্কিন বেসরকারি বিনিয়োগকারী সংস্থার কাছে প্রায় ৪.২ বিলিয়ন (৪২০ কোটি) মার্কিন ডলারে বিক্রি করার উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। প্রস্তাবটিতে সদস্য দেশগুলোর জন্য অনুদান দ্বিগুণ করার লোভনীয় শর্ত থাকলেও বিশ্ব ফুটবলে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তীব্র বিতর্কের মুখে ফিফা পরবর্তীতে পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হলেও ইতোমধ্যে ইউরোপের উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এই তিন প্রভাবশালী কনফেডারেশন ইনফান্তিনোর নেতৃত্বের ভূমিকা পুনর্মূল্যায়নের দাবি তুলেছে।

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু ২১১টি সদস্য দেশের মধ্যে এই তিন কনফেডারেশনের অধীনেই রয়েছে ১৩৬টি ভোট। এর মধ্যেই ওশেনিয়া অঞ্চলের একমাত্র বিশ্বকাপ খেলা দেশ নিউজিল্যান্ড জানিয়েছে, ফিফা নেতৃত্বের ওপর থেকে আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে যাওয়ায় তারা ইনফান্তিনোর পক্ষে আর থাকছে না।

নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল রয়টার্সকে বলেন, আমরা একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছি। কারণ আমরা ফিফার নিজস্ব উদ্যোগে করা কোনো তড়িঘড়ি বা দায়সারা তদন্ত দেখতে চাই না। ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে যুক্ত সংস্থার ভূমিকা কতটা ছিল, তা স্বচ্ছতার সাথে উন্মোচিত হওয়া দরকার।

এদিকে, ওশেনিয়া কনফেডারেশন এক বিবৃতিতে প্রস্তাবটি প্রত্যাহার করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ইনফান্তিনোর অধীনে গত এক দশকে এই অঞ্চলে ফুটবলের যথেষ্ট উন্নয়ন হয়েছে। অন্যদিকে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকান কনফেডারেশন এবং কাতার ও মরক্কোসহ ছয়টি আরব ফুটবল সংস্থা এখনও ইনফান্তিনোর পাশে থাকার কথা নিশ্চিত করেছে। তবে এশিয়ার সদস্য দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের একাট্টা অবস্থান ইনফান্তিনোর ওপর চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন